ঢাকা, ফেব্র"য়ারি ০২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু পুলিশে নয়, সমাজের সব ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন বলে মনে করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
তিনি বলেছেন, "সংস্কার সমাজের সবক্ষেত্রেই প্রয়োজন। কেবল পুলিশের বাহিনীতে সংস্কার হলে তা সফল হবে না, হবে 'কুসংস্কার'।"
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মোদাচ্ছির হোসেন এ কথা বলেন।
মানবিক আচরণ ও ব্যবহারের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য তিনি পুলিশ বিভাগের প্রতি আহ্বান জানান। পাশাপাশি পুলিশ বাহিনীর মানোন্নয়নে তাদের বেতন-ভাতা বাড়ানোর পক্ষেও মত প্রকাশ করেন তিনি।
বিচারপতি মোদাচ্ছির বলেন, "পুলিশকে প্রজাতন্ত্রের সদস্য হিসেবে সন্ত্রাস কমিয়ে আনতে উদ্যোগী হতে হবে। আশা করি, বেতন-ভাতা বাড়ানো গেলে পুলিশ সদস্যদের মন-মানসিকতায় পরিবর্তন আসবে।"
বিগত সময়গুলোতে রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ বাহিনী কোনও কোনও ক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
সমাজকে কলুষমুক্ত করতে সমাজের সব পেশার মানুষকে এগিয়ে আসার জন্য সাবেক সাবেক প্রধান বিচারপতি আহ্বান জানান।
'আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম ও সীমাবদ্ধতা পর্যালোচনা (স্ট্যাডি অন ডিউটিজ অ্যান্ড অবলিগেশন অব দি ল এনফোর্সিং ইন্সটিটিউশন)' শীর্ষক ওই সেমিনার যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সাবেক পুলিশপ্রধান আবদুল কাইয়ুম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম এনামুল হক ও র্যাবপ্রধান হাসান মাহমুদ খন্দকার, অ্যাডভোকেট এলিনা খান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মধুসুধন মণ্ডল, সাধারণ সম্পাদক আজহার মাহমুদ প্রমুখ।
এতে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম আজম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসএম/এমআই/১৬৪৯ ঘ.
bdnews24