বগুড়া, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তরবঙ্গ থেকে আরো বেশি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যে ওই অঞ্চলের সবক'টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ইংরেজি, কোরীয়সহ বিদেশি ভাষা শিক্ষার কোর্স চালুর নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী।
শুক্রবার বগুড়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।
শুক্রবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
উপদেষ্টা বলেন, "দারিদ্র্য ঘুচাতে এবং আরো উন্নতির দিকে এগিয়ে যেতে উত্তরবঙ্গ থেকে যত বেশি সম্ভব দক্ষ জনবল বিদেশে পাঠাতে চাই। অদক্ষ শ্রমিকরা বিদেশ গিয়ে নানা রকম সমস্যায় পড়েন। এজন্য বিদেশগামী কর্মীদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষ হতে হবে। আর এ এলাকার উন্নয়নের স্বার্থে টিটিসির সব কর্মকর্তাকে এ বিষয়ে কাজ করতে হবে।"
বগুড়া টিটিসির অধ্যক্ষ জি সুলতান আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবদুল মালেক, বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলাপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/জকে/২২৩৮ ঘ.
bdnews24