যশোর, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে যশোর জেলা প্রশাসন। সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রতিবছর এই পুরস্কার দেওয়া হবে।
এই পুরস্কারের মধ্যে থাকবে স্বর্ণপদক ও অর্থ। জেলা প্রশাসককে প্রধান করে গঠিত কমিটি পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তিকে মনোনীত করবে। শিগগিরই কমিটি গঠন করা হবে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আবুয়াল হোসেন।
বৃহস্পতিবার যশোরের সাগরদাড়িতে কবির ১৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মধূমেলার আলোচনা সভায় জেলা প্রশাসক পুরস্কার দেওয়ার বিষয়টি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান ও আগামী প্রজন্মের কাছে কবিকে অমর করে রাখার জন্য এই পদক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবছর কবির জন্মবার্ষিকী উপলক্ষে কপোতাক্ষ পাড়ের সাগরদাড়ি গ্রামে আয়োজিত মধুমেলায় দেশের শীর্ষ গুণীজনদের এই পদক দেওয়া হবে।
তিনি বলেন, মৃত্যুর প্রায় ১৩৫ বছর পর এই প্রথম মধুসূদন স্মৃতি পদক দেওয়ার ঘোষণা দেওয়া হল। খুব শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।
মোস্তাফিজুর রহমান জানান, পদকপ্রাপ্তরা অর্থও পারেন। তবে কত টাকা তাদের দেওয়া হবে এবং কয়জনকে পদক দেওয়া হবে তা ঠিক করা হবে কমিটির প্রথম সভায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24