রংপুর, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠক হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে সকাল ১১ টায় সার্কিট হাউসে বৈঠক শুরু হবে।
বৈঠকে যোগ দিতে এবং কৃষিকাজের জন্য সার, বিদ্যুৎ, পানি ও ডিজেল সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা করতে উপদেষ্টারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অবস্থা করছেন। প্রধান উপদেষ্টা শনিবার সকালে রংপুর পৌঁছাবেন।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম রাজধানীর বাইরে উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে। এ উপলক্ষে সার্কিট হাউস ও শহরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা।
শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম জানান, উপদেষ্টা পরিষদের এই বৈঠকে ইরি ও বোরোর বেশি ফলন নিশ্চিত করার লক্ষ্যে কৃষকদের পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সার ও ডিজেল সরবরাহে সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষকের চাহিদা মত যাতে সার বিদ্যুৎ, পানি ও ডিজেল সরবরাহ করা যায় সে জন্য উপদেষ্টা পরিষদের সব সদস্য এখন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অবস্থান করছেন। তারা সমস্যাগুলো চিহ্নিত করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবেন।
আলী ইমাম জানান, ধানের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে যেসব সমস্যা আছে তার নিরসন করা হবে। এই বৈঠকটি সে কারণে খুব গুরুত্বপূর্ণ। খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত রংপুরসহ উত্তরাঞ্চলে ইরি-বোরো ধানের বাম্পার ফলন নিশ্চিত করা গেলে বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।
তিনি জানান, প্রধান উপদেষ্টা রংপুরে দুদিন অবস্থান করবেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, রংপুরের জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমান।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের পর শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা মিঠাপুকুরে উপজেলা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণদের সঙ্গে মতবিনিময় করবেন।
পর দিন রোববার রংপুরের গঙ্গাচড়ায়ও এরকম মতবিনিময় করবেন। পরে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থদের মধ্যে চাল বিতরণ করবেন।
পুলিশ সুপার হাসিব আজিজ জানান, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর রংপুর আসা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে চার হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যদের আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২০৪৪ ঘ.
bdnews24