নীলফামারী, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুঃস্থ মহিলাদের ভিজিএফ কার্ড দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে শুক্রবার নীলফামারীতে ইউনিয়ন পরিষদের একজন সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বাগেরহাটের মোল্লাহাটে পুলিশ ভিজিএফের চাল রাখার অভিযোগে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর আবার ছেড়ে দিয়েছে।
আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, বিচারিক হাকিম রবিউল আলম নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউপি সদস্য বেলাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দীন জানান, ইটাখোলা ইউনিয়নের সদস্য বেলাল হোসেন ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে ১নং ওয়ার্ডের দুঃস্থদের কাছ থেকে টাকা নেন। কিন্ত তাদের ভিজিএফ কার্ড দেওয়া হয়নি। দুঃস্থদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সেনা সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে।
বেলাল ইটাখোলা গ্রামের হোসেন ইউছুব আলীর ছেলে।
বাগেরহাট প্রতিনিধি জানান, মোল্লাহাট পুলিশ মুরসালিন মোল্ল্যা (২৫) নামে এক চাল ব্যবসায়ীকে ভিজিএফের চাল রাখার অভিযোগে থানয় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আবার ছেড়ে দিয়েছে। তার কাছে ভিজিএফের ৯৮ কেজি চাল পাওয়া গেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মুরসালিননের কাছ থেকে কয়েকজন গ্রামবাসী বাকিতে চাল নিয়েছিল। পরে ভিজিএফের চাল পেয়ে তা শোধ করেছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। ওই চালই তার দোকানে পাওয়া গেছে।
মুরসালিন কুলিয়া গ্রামের আব্দুল মান্নান মোল্ল্যার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24