ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২৪ জানুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ''বাংলাদেশ ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরতে চায় না: ইউনূস" এই শিরোনামে প্রকাশিত সংবাদটিতে ভুল তথ্য দিয়েছিলেন ফোবানার একজন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ফোবানার কর্মকর্তা হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সম্মেলনে (ফোবানা) যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।'
কিন্তু এই তথ্যটি ঠিক নয় বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব মীর আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ড. ইউনূসকে ফোবানা কর্মকর্তারা আমন্ত্রণ জানালেও তিনি তাতে যোগদানের ব্যাপারে সম্মতি দেননি। ওই সময়ে ড. ইউনূসের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তার পক্ষে সম্মেলনে যোগদান করা সম্ভব নয়।"
হাসানুজ্জামান আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় ফোবানা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে যা বলেছিলেন, তাই উদ্ধৃত করা হয়েছিল সংবাদটিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৮১০ ঘ.
bdnews24