২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সঙ্কটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে

গ্যাস সঙ্কটের কারণে দেশে বিদ্যুতের উৎপাদন কমে গেছে। গড়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে এ কারণে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে গ্যাস সঙ্কটের কারণে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। এছাড়া চট্টগ্রামের রাউজান, ময়মনসিংহের আরপিসিএল, ঘোড়াশাল ও হরিপুরে গ্যাস উৎপাদন কম হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গ্যাস সঙ্কটের কারণে দেশে বিদ্যুতের উৎপাদন কমে গেছে। গড়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে এ কারণে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে গ্যাস সঙ্কটের কারণে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। এছাড়া চট্টগ্রামের রাউজান, ময়মনসিংহের আরপিসিএল, ঘোড়াশাল ও হরিপুরে গ্যাস উৎপাদন কম হচ্ছে। ৩০ জানুয়ারি ৫৬০, ২৯ জানুয়ারি ৩৫৫ ,২৮ জানুয়ারি ৩৯৬ ,২৬ জানুয়ারি ৪৫৯ ও ২৫ জানুয়ারি ৩২৮ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হয়েছে গ্যাস সঙ্কটের কারণে। ৩০ জানুয়ারি সর্বোচ্চ উৎপাদন ছিল ৩৪৩৯ মেগাওয়াট। ২৯ জানুয়ারি ৩৪৮৫ মেগাওয়াট, ২৮ জানুয়ারি ৩৩৯৭ মেগাওয়াট, ২৭ জানুয়ারি ৩৩২৬ মেগাওয়াট ও ২৬ জানুয়ারি ৩৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সমস্যা খুব দীর্ঘমেয়াদী হবে না। ১৫ ফেব্র"য়ারি থেকে সেচের 'পিক' মওসুম শুরু হবে। এর মধ্যে বেশ কয়েকটি ইউনিট চালু হবে। বিদ্যুৎ উৎপাদন বেড়ে যাবে। আশা করা যায় সেচে বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারবো।" মার্চ থেকে সার কারখানা ও গৃহস্থালী কাজে গ্যাসের চাহিদা কমে যাবে বলে তিনি উল্লেখ করেন। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মূলত চট্টগ্রাম ও ঢাকার আশপাশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সঙ্কট রয়েছে। চট্টগ্রামে গ্যাসের উৎপাদন কমে গেছে। ঢাকায় গৃহস্থালী চাহিদা বেড়ে গেছে। তবে গৃহস্থালী ও সার কারখানার চাহিদা কয়েক মাস পর কমে যাচ্ছে। আর গ্যাস পাইপ লাইনও মেরামত করা হচ্ছে। এটা হলে গ্যাসের সরবরাহ বেড়ে যাবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিভিন্ন কারণে বর্তমানে ১০টি ইউনিট বন্ধ আছে। এর মধ্যে গ্যাস সঙ্কটের কারণে বন্ধ আছে শিকলবাহা ৮৮ মেগাওয়াটের দু'টি ইউনিট। বর্তমানে এ দু'টি ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের রাউজান বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ১২০ মেগাওয়াট। এর উৎপাদন ক্ষমতা ৩৬০ মেগাওয়াট। ময়মনসিংহের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ১৫০ মেগাওয়াট। এর উৎপাদন ক্ষমতা ২১০ মেগাওয়াট। এ তিনটি কেন্দ্রেই উৎপাদন কমে গেছে ৩৫০ মেগাওয়াট। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক বৈঠকে জানানো হয়, ২০০৮ সালে এ পর্যন্ত সর্বোচ্চ গ্যাস উত্তোলনের পরিমাণ ছিল ২২ জানুয়ারি ১৭৩৪ মিলিয়ন ঘনফুট। বর্তমানে চাহিদা হচ্ছে ১৮৬৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে বিদ্যুৎ খাতের চাহিদা হচ্ছে ৭৩৯ মিলিয়ন ঘনফুট, সার কারখানাগুলোতে ২৮৯ মিলিয়ন ঘনফুট ও অন্যান্য খাতে ৮৪৬ মিলিয়ন ঘনফুট। চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে বিদ্যুৎ খাতে ৬৪৩ মিলিয়ন ঘনফুট, সার কারখানাগুলোতে ২৪৯ মিলিয়ন ঘনফুট ও অন্যান্য খাতে ৮৬৭ মিলিয়ন ঘনফুট। একজন উর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ২০০৮ সালে দেশে ২৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন লাইনে সরবরাহ করা সম্ভব হবে বলে মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয় । এর মধ্যে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে থেকে ১৫০ মিলিয়ন , বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের আওতাধীন হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর কূপ থেকে ১৫ মিলিয়ন, ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে ১৫ মিলিয়ন, বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের ২ ও ৫ নম্বর কূপ থেকে ২০ মিলিয়ন, মেঘনা গ্যাসক্ষেত্র থেকে ১৫ মিলিয়ন এবং ফেনী গ্যাসক্ষেত্রের ৬ ও ৭ নম্বর কূপ থেকে ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮২৩ঘ.