২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এক দশকে পোশাক শিল্পে ১৩ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে'

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, "শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পের উন্নয়নে বিজিএমইএ'র মাধ্যমে জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে আগামী ১০বছরে গার্মেন্টস শিল্পে কমপক্ষে ১৩ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

নীলফামারী, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, "শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পের উন্নয়নে বিজিএমইএ'র মাধ্যমে জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে আগামী ১০বছরে গার্মেন্টস শিল্পে কমপক্ষে ১৩ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।" তিনি বলেন, "দেশে ইউরিয়া সারের কোন সংকট নেই। মিউরেট অব পটাশ (এমওপি) ও ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার সরকার আমদানি করে না। ওইসব সার আমদানি ও বিপণনে আমদানিকারকদের ওপর সরকারের চাপ রয়েছে। সঠিক সময়ে যাতে কৃষক সার পায় সেজন্য সরকার সতর্ক দৃষ্টি রেখেছে।" শুক্রবার সকালে নীলফামারী সার্কিট হাউজ হলরুমে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পাট আবাদের ওপর গুরুত্বারোপ করে আনোয়ারুল ইকবাল বলেন, লোকসানের কারণে দেশের ৮টি পাটকল বন্ধ করে দিয়েছে সরকার। এর মধ্যে আলীম জুট মিল নিয়ে আদালতে মামলা চলছে। ৭টি পাটকল ব্যক্তি মালিকানায় দিতে প্রক্রিয়া চলছে। দুটি কল হস্তান্তরের কাজ চলছে। বাকী পাঁচটি কলের পুন:দরপত্র প্রক্রিয়াধীন। তিনি জানান, দেশে উন্নত জাতের পাট আবাদ হচ্ছে। পাট আবাদ করতে আর্থিক সহায়তা দেবে সরকার। বিভিন্ন বিভাগের জেলা জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর চেয়ারম্যান, বেসরকারি সংস্থাসহ (এনজিও) বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দাকার মোখলেছুর রহমান। বিকেলে ডিমলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সার ডিলার, বাজার কমিটি, চাতাল মালিক ও সাংবাদিক প্রতিনিধির সঙ্গে উপদেষ্টা মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.