আমিনুল ইসলাম খান রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারি অনুমতি ছাড়াই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে সূতা প্রক্রিয়াজাতকরণ কারখানা। এর মধ্যে তামাই এলাকাতেই আছে ১৪টি কারখানা। কারখানার রাসায়নিক দ্রব্য মিশ্রিত পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পুকুর ডোবায় জমে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। সেইসঙ্গে বিশুদ্ধ খাবার পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগবালাই। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা।
এই সমস্যা নিরসনে প্রশাসনের তেমন একটা উদ্যোগ নেই বলে অভিযোগ এলাকাবাসীর।
বেলকুচি উপজেলায় ছোট বড় প্রায় ৮০ হাজার তাঁত শিল্প থাকলেও এখানে গড়ে ওঠেনি পরিকল্পিতভাবে সূতা প্রক্রিয়াজাতকরণ কারখানা। তামাই, গাড়ামাসি, চালা, চন্দনগাঁতীসহ বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে ঘন বসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক সূতা প্রক্রিয়াজাতকরণ কারখানা।
প্রতিদিন এখানে সালফিউরিক এসিড, এসিটিক এসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, কষ্টিক সোডা, সিলিকেট, ব্লিসিং পাউডার সহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশ্রিত দ্রব্য দিয়ে রং করা হচ্ছে শাড়ি ও লুঙ্গি তৈরির সূতা। মিলগুলো থেকে নির্গত বিষাক্ত বর্জ আশপাশের পুকুর ও ডোবা-নালায় ফেলার কারণে পুকুরের পানি ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে।
এসব বিষাক্ত পদার্থ ভূগর্ভস্থ পানির স্তরে মিশে যাওয়ার কারণে টিউবওয়েলের পানিও আর নিরাপদ নেই। এলাকায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি সংকট। দুই তিন কিলোমিটার দুর থেকে এলাকাবাসীকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। দূষিত পানি ব্যবহার করায় এসব এলাকায় পানিবাহিত রোগসহ দেখা দিয়েছে বিভিন্ন চর্ম রোগ। এসব রোগে বেশির ভাগ আক্রান্ত হচ্ছে শিশু ও নারী।
তামাই গ্রামের গৃহবধূ মুক্তি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রসেস মিলের কারণে বাড়ির সবারই চর্ম রোগসহ বিভিন্ন রোগবালাই লেগেই আছে। ছোট ছোট বাচ্চাদেরও এন্টাসিড জাতীয় ট্যাবলেট খাওয়াতে হচ্ছে। আবাদী জমিও নষ্ট হয়ে গেছে।
একই গ্রামের গোলাম আজম বলেন, "প্রসেস মিল মালিকরা খুবই প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ মুখ খুললে তাকে বিভিন্নভাবে হয়রানি ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। আমি প্রসেস মিলের ব্যাপারে প্রতিবাদ করায় আমাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে।"
বর্জের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ কারখানার বিষাক্ত ধোঁয়ায় বাড়ি-ঘরের টিন দ্রুত মরিচা পড়ে নষ্ট হচ্ছে বলেও এলাকাবাসী জানান।
চালা গ্রামের ৮০ বছরের বৃদ্ধা মালাবতি সাহা বলেন, "মজিদ মুদির প্রসেস মিলের কারণে আমরা বাড়ী ঘরে থাকতে পারছিনা। টিনগুলো ঝুর ঝুর করে ধসে পড়ছে। ভাত রান্না করলে হলুদ হয়ে যাচ্ছে। পানি থেকে দুর্গন্ধ বের হয়।"
বেলকুচি পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার ইকবাল হোসেন বলেন, "মজিদ'র প্রসেস মিলের কারণে এই এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তিনি দেড়'শ টাকার স্ট্যাম্পে আমার কাছে লিখিত দিয়েছিলেন দু'মাসের মধ্যে প্রসেস মিল বন্ধ করে দেবেন। কিন্তু ৩ মাস পার হলেও তিনি কথা রাখেনি। আমি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাব।"
শুধু মজিদ প্রসেস মিলই নয় তামাই গ্রামে এস আর মার্সারাইজ অ্যান্ড প্রসেস মিল, বিজলি, মুন্সী অ্যান্ড ব্রাদার্স, তুহিন মার্সারাইজ, থ্রি স্টার, সালাম, কাদের মোল্লা প্রসেস মিলসহ আরও অনেক কারখানা রয়েছে।
এসব কারখানার বর্জে পরিবেশ দূষণ ও রোগবালাইয়ের প্রকোপ বৃদ্ধির ব্যাপারে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "আমি এসব অবৈধ প্রসেস মিল বন্ধের নির্দেশ দিয়েছি। কিন্তু তারা কিভাবে এগুলো চালু রেখেছে তা বুঝতে পারছিনা।"
তিনি বলেন, এই বিষয়টি দেখার কথা পরিবেশ অধিদপ্তরের। তাদেরকে কয়েকবার বিষয়টি জানিয়েছেন তিনি।
সিরাজগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জামানুর রহমান বলেন, "আমি অভিযোগ পাওয়ার পর নিজে তামাই গ্রামে ১২টি বাড়ি ও একটি মাদ্রাসার নলকূপ সরেজমিনে পরিদর্শন করেছি এবং দেখেছি এসব নলকূপের পানি পঁচা দূর্গন্ধযুক্ত এবং পানির রং সয়াবিন তেলের মত। এ পানি পান করলে যে কেউই আমাশয়, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আমি পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৮ ঘ.
bdnews24