ঢাকা,ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশীসহ ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় ও একজন পাকিস্তানি।
দাম্মাম শহর থেকে ৮০ কিলোমিটার দূরে আর্তিক নামক স্থানে বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বিকেলে টেলিফোনে বলেন,'' সড়ক দুর্ঘটনায় ১১ জন বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ভারতীয় ও পাকিস্তানি নাগরিকও রয়েছেন বলে আমরা জেনেছি।''
তিনি জানান, এই সড়ক দুর্ঘটনায় ১২ জন শ্রমিক আহতও হয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১০টায় ) এ দুর্ঘটনা ঘটে।
এদিকে খবর জানার পর পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শোক প্রকাশ করে বলেন, '' এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ দুর্ঘটনা কিভাবে হলো তার একটি প্রতিবেদন পাঠানোর নির্দেশও দেয়া হয়েছে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এসকে/১৭০৮ঘ.
bdnews24