ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী মুস্তফা মনোয়ার বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে।
মুস্তফা মনোয়ারের নিয়োগ আদেশে বলা হয়েছে- যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি শিশু একাডেমীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার এ অবৈতনিক নিয়োগ সরকার ইচ্ছা করলে বাতিল করতে পারবে। তবে বোর্ড অব ম্যানেজমেন্ট-এর যাবতীয় সুবিধা মুস্তফা মনোয়ারের ভোগ করবেন।
এদিকে মনোয়ারা হাকিম আলীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের জন্য স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত উপ-সচিব খুরশীদ আলমকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বিপিআই) সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/২০৩৬ঘ.
bdnews24