পাবনা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নে মঙ্গলবার সন্ত্রাসী হামলায় সাহাবুদ্দিন ওরফে সাহেব আলী নামের একজন নিহত হয়েছেন। ইউনিয়নের 'দিঘিগোহাইল বাড়ি' গ্রামে সকাল ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। হামলায় আলাউদ্দিন ও নজরুল ইসলাম নামের দুজন আহত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা নিহত শাহাবুদ্দিনসহ আহতদের বিএনপি কর্মী বলে দাবি করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল আটটার দিকে একদল সন্ত্রাসী সাহেব আলীর বাড়িতে হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। তারা সাহাবুদ্দিনের বাড়িসহ তিনটি বাড়িতে অগ্নিসংযোগও করে। এ সময় আলাউদ্দিন ও নজরুল ইসলাম আহত হয়।"
ওসি ইকবাল শফি বলেন, "হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাহাবুদ্দীন মারা গেছে বলে জানান। আহত দুজনকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
তিনি জানান, ঘটনাস্থলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে; সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা হতাহতদের নিজেদের কর্মী বলে দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই নির্বাচনে তারা চারদলীয় জোটের পক্ষে কাজ করেছে। নির্বাচনে মহাজোট জয়ী হওয়ার পর প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএইচবি/১৪২৩ ঘ.
bdnews24