ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) শেষ বৈঠকে বহুল আলোচিত বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এক হাজার ৪৮০ কোটি ৯৯ লাখ টাকার এ প্রকল্পের প্রকল্প সাহায্য হচ্ছে ১৫০ কোটি টাকা।
রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেকের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পটি অনুমোদন করা হয়।
বৈঠকের পর বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একনেক বৈঠকে দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রকল্পটি হচ্ছে, বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন হাতিরঝিলের পাড় এলাকা অবৈধ দখল থেকে রক্ষা পাবে, অন্যদিকে রাজধানী ঢাকার যানজট সমস্যার সমাধান হবে। এছাড়া ঢাকার পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনেও প্রকল্পটি বিশেষ অবদান রাখবে।"
প্রকল্পটির গুরুত্ব অনুধাবন করেই তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে এর অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানান।
বর্তমান সরকারের সময়ে একনেকের আর কোনো বৈঠক অনুষ্ঠিত হবে কিনা জানতে চাইলে মির্জ্জা আজিজ বলে, "এ সরকারের সময়ে আর কোনো একনেক বৈঠক অনুষ্ঠিত হবে না। তবে জাতীয় স্বার্থে খুবই জরুরি হলে একনেকের বিশেষ বৈঠক হতে পারে।"
গত ২২ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ভূমি অধিগ্রহণ খাতে এ প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ায় অন্য খাত থেকে তা যোগান দেওয়া সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
এনইসি বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন, "সাধারণত কোনো প্রকল্প অনুমোদনের জন্য একনেকের (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠকের অনুমোদন নিতে হয়। কিন্তু এডিপি'র খাতওয়ারি বরাদ্দ সংশোধন করতে হলে এনইসি'র অনুমোদন লাগে। হাতিরঝিল উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য অতিরিক্ত অর্থ সংস্থানের প্রয়োজন হয়েছে বলে এনইসি বৈঠকের অনুমোদন নিতে হয়েছে।"
রোববারের একনেক বৈঠকে উত্থাপিত কার্যপত্রের তথ্য অনুযায়ী, শেষ পর্যন্ত হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৪৮০ কোটি ৯৯ লাখ টাকা। চলতি ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল এক হাজার ২৫০ কোটি টাকার কিছু বেশি।
২০০৭ সালের জুলাই থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। আর শেষ হওয়ার কথা রয়েছে ২০১০ সালের জুন মাসে।
এছাড়া রোববারের একনেক বৈঠকে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইসি অ্যাসিস্টেড স্কুল ফিডিং প্রোগ্রাম প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসকে/২১২৭ঘ.
bdnews24