২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির বিচারিক হাকিমের ক্ষমতা খর্ব করা নিয়ে ক্ষোভ

সংসদ নির্বাচনের দোর গোড়ায় এসে নির্বাচনী কাজে নিয়োগপ্রাপ্ত দুইশর বেশি বিচারিক হাকিমের ক্ষমতা খর্ব করেছে নির্বাচন কমিশন। তাদেরকে নিজ নিজ দপ্তরে বসে বিচার কাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের দোর গোড়ায় এসে নির্বাচনী কাজে নিয়োগপ্রাপ্ত দুইশর বেশি বিচারিক হাকিমের ক্ষমতা খর্ব করেছে নির্বাচন কমিশন। তাদেরকে নিজ নিজ দপ্তরে বসে বিচার কাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন কমিশন। নির্বাচন কমিশনই গত ২৪ ডিসেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বিচারিক হাকিমকে প্রতিটি নির্বাচনী এলাকায় ১৯৭২ এর গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৯-এ অনুচ্ছেদ অনুযায়ী বিচারিক ক্ষমতা দিয়েছিল। ক্ষমতা অনুযায়ী বিচারিক হাকিমরা নির্বাচন সংক্রান্ত অপরাধ দমনে সংক্ষিপ্ত বিচার করার অধিকারী। কিন্তু নির্বাচন কমিশন ভ্রাম্যমাণ আদালত হিসাবে তিন শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তে নিয়োগ পাওয়া বিচারিক হাকিমদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন জায়গার বেশ কয়েকজন বিচারিক হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন কমিশনের এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতার চেতনার সঙ্গে অত্যন্ত সাংঘর্ষিক। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের পর পর এ ধরনের উদ্যোগ সংবিধান ও আইনবিরোধী এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা লংঘনের সামিল বলে তারা মন্তব্য করেন। অনুসন্ধানে জানা গেছে বিচারিক হাকিমরা নির্বাচনী কাজে দায়িত্ব পালনের জন্য গাড়ি বরাদ্দ পর্যন্ত পেয়েছিলেন। ২৭ ডিসেম্বর আকস্মিকভাবে নির্বাচন কমিশন দেশের বিভিন্ন মুখ্য বিচারিক হাকিম আদালত ও ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি চিঠি পাঠায়। কমিশনের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার' ১৯৭২ এর ৮৯-এ অনুচ্ছেদের ক্ষমতা বলে নির্বাচন কমিশন প্রতিটি নির্বাচনী এলাকার জন্য একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিচারিক হাকিম) নিয়োগ করেছেন। তবে তাদেরকে ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়নি। নির্বাচন কমিশন প্রজ্ঞাপনে বিচারিক হাকিমদেরকে আদালত ভবনে নিজ নিজ কার্যালয়ে বসে বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত দিয়েছেন। বিভিন্ন বিচারিক হাকিম বলেছেন নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত 'দি রিপ্রেজেন্টশন অব দি পিপল অর্ডার ১৯৭২' এর সঙ্গে 'বৈর বিপরীত'। তারা বলেন, ওই আইনের মাধ্যমে হাকিমরা নির্বাচন চলাকালে জাল ভোট দেওয়াসহ বিভিন্ন নির্বাচন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে অপরাধীকে ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচার করে কারাদণ্ড ও জরিমানা করার অধিকারী। তারা বলছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে নিয়োগ পাওয়া নির্বাহী হাকিমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীকে শুধুমাত্র জরিমানা করবেন। আর বিচারিক হাকিমরা এখন তাদের কাছে কোন অভিযোগ এলে তবেই তার বিচার করতে পারবেন যা 'অবাস্তব' ব্যাপার। এ ছাড়া বিষয়টি সংবিধান ও ফৌজদারি কার্যবিধির বিরোধী বলেও তারা মত দেন। কেননা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করেই বিচারিক হাকিমদের নিয়োগ দিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাকিম রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত ফৌজদারি কার্যবিধি আইনের ২১, ১৯০ ধারা বিরোধী। কারণ এ আইন মুখ্য মহানগর হাকিম ও মুখ্য বিচারিক হাকিমকে তাদের নিজ নিজ এলাকায় ম্যাজিস্ট্রেটদের মধ্যে কাজ বন্টন ও বেঞ্চ গঠনসহ, বেঞ্চ বসার সময় ও স্থান নির্ধারনের ক্ষমতা দিয়েছে। তিনি বলেন, তাছাড়া বিচারবিভাগীয় হাকিমরা তার এখতিয়ারবিহীন এলাকার যে কোন অপরাধ ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ী আমলে নিতে পারেন। নির্বাচন কমিশন তাদের এই 'হঠাৎ সিদ্ধান্তের' মাধ্যমে বিচারিক হাকিমদের হেয় করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশনের মহাসচিব আব্দুল গফুরও এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০৪৯ঘ.