ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর জুরাইনে ককটেল ফেটে আট বছরের একটি শিশুর শরীর ঝলসে গেছে। তার একটি চোখ প্রায় নষ্ট হয়ে গেছে।
মো. হাসান নামে ওই শিশুর অভিভাবকরা জানিয়েছেন, রোববার সকালে খেলার সময় একটি বোমা গায়ে এসে পড়লে সে আহত হয়। তবে পুলিশ বলছে কুড়িয়ে পাওয়া স্কচটেপ প্যাঁচানো একটি বোতল নিয়ে খেলতে গিয়ে সেটি বিস্ফোরিত হলে আহত হয় হাসান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন হাসানের মা সীমা বেগম বলেন, সকাল ১১টার দিকে বাইরে খেলারত হাসান হঠাৎ চীৎকার করে ক্ষতবিক্ষত-রক্তাক্ত অবস্থায় ছুটে আসে।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হাসানের শরীর ঝলসে গেছে। তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ভালো চিকিৎসা না করলে চোখটি বাঁচানো সম্ভব নয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন জানান, উর্মি নামে আরেকটি শিশুর সঙ্গে খেলছিল হাসান। এসময় ময়লার স্তু'পের ভেতর তারা একটি স্কচটেপ প্যাঁচানো বোতল পায়। বোতলটি হাসান ব্লেড দিয়ে কাটতে গেলেই সেটা বিস্ফোরিত হয়। শিশু উর্মি পুলিশকে এ তথ্য দিয়েছে।
মোঃ হাসান (৮) জুরাইন কমিশনার রোডের ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। তার বাবা শাহ আলম রিক্সা চালান ও এলাকায় দারোয়ানের কাজ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসটি/এসকে/১৮১৯ঘ.
bdnews24