ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের বিরুদ্ধে রোববার মানহানি মামলা করেছেন বিএনপি সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান।
ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে করা এ মামলার শুনানি কিছুক্ষণ পরে শুরু হওয়ার কথা।
এইচ টি ইমাম শনিবার আওয়ামী লীগের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, "একটি পত্রিকার মালিক মাহমুদুর রহমান, পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক এবং বিজি প্রেসে কর্মরত সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের একান্ত সচিব মিলে গত একমাস ধরে ১শ' জনকে জাল ব্যালট তৈরি ও তা বাক্সে ভরার প্রশিক্ষণ দিচ্ছেন।"
তিনি আরও জানান, ভোট জালিয়াতির উদ্দেশ্যে ঢাকার সরকারি প্রেস থেকে গোপনে নমুনা সংগ্রহ করার পর দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত জাল ব্যালট পেপার ছাপানোর কাজ করছেন তারা।
মামলায় অভিযোগ করা হয়েছে, এসবই বাদী মাহমুদুর রহামনের প্রতি ব্যক্তিগত আক্রমণ ও মানহানিকর উক্তি।
বিকেল তিনটায় এ বিষয়ে চারদলীয় জোটের আলাদা একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/
bdnews24