পঞ্চগড়, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড় শহরের একটি বাস কাউন্টার থেকে শুক্রবার সকালে জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বটতলী পূর্বপাড়া গ্রামের জুমের আলীর ছেলে জাকির হোসেন (২৬), একই ইউনিয়ন পরিষদের সদস্য ইসাহাক আলীর ছোট ভাই আনিসুজ্জামান (২১) এবং টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের বড় কুমল্লীপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে নজরুল ইসলাম (২৩)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা বলেছেন- পঞ্চগড়ের জাকিরুল নামে এক লোকের আমন্ত্রণে সীমান্ত এলাকার একটি মাজার জিয়ারত করতে এসেছেন তারা। তাদের কথিত জাকিরুলের মোবাইল ফোনে পুলিশ ফোন করলে তিনি একেক সময় একেক ঠিকানা জানান। শেষে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
তাছাড়া কথাবার্তা অসংলগ্ন হওয়ায় পুলিশ ওই তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
ওসি জানান, তাদের দেওয়া তথ্য ও ঠিকানা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
তবে গ্রেপ্তারকৃতরা থানায় সাংবাদিকদের বলেন, তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নন।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার গাইবান্ধা সদর এবং গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আট জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বেশ কিছু বই ও লিফলেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24