ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর যটকম) -- রংপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় বৃহস্পতিবার ভোরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ১০ সেকেন্ড স্থায়ী ভূকম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৪ দশমিক ৫।
আবহাওয়া অফিস জানায়, ভোর ৬টা ২৬ মিনিট ৩৭ সেকেণ্ডে অনুভূত এ ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৪২৫ কিলোমিটার উত্তর পশ্চিমে ভারত-নেপাল সীমান্তে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ রুবায়েত কবীরের উদ্ধৃতি দিয়ে জানান, রংপুর ছাড়াও নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হয়েছে।
রংপুরে ভূকম্পনের সময় আতঙ্কে অনেকেই ঘর থেকে বের হয়ে আসে। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নীলফামারী প্রতিনিধিও ভূকম্পনের খবর নিশ্চিত করেছেন। তবে সেখানেও কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/এমএসবি/এমএইচবি/২০২০ ঘ.
bdnews24