ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মাদক মামলার আসামি শাবদুল বৃহস্পতিবার পালিয়েছে। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. ফারুক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাথরুমের গ্রিলবিহীন জানালা দিয়ে পালিয়ে যায় শাবদুল। বাথরুমে ঢোকার সময় তার একহাতে হ্যান্ডকাফ পরা ছিল।
যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলার আসামি শাবদুলকে গ্রেপ্তারের পর গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অসুস্থতার কারণে বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফারুক আহম্মেদ জানান, এ ঘটনায় জাকির হোসেন ও ইকবাল হোসেন নামে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/জেকে/এমএইচবি/১৫০৪ ঘ.
bdnews24