গাইবান্ধা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ বুধবার রাতে জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর এবং গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও পাড়াকচুয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং 'আর রাহিকুল' নামে একটি বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী দিয়ে ৫৫টি গ্রেনেড তৈরি করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে কলেজ ছাত্র রেজাউল হাসান সিহাব (২৫), গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আল আমিন (২০) ও একই উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জিল (২২)। এর মধ্যে রেজাউল হাসান জেএমবির এহসার সদস্য ও উত্তরাঞ্চলের আঞ্চলিক কমান্ডার।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শিবলী নোমান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বুধবার রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত অভিযান চালায়। তারা প্রথমে ভাটপাড়া গোপালপুর গ্রাম থেকে রেজাউল হাসানকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যানুযায়ি তালুককানুপুর ও পাড়াকচুয়া গ্রামের বাড়ি থেকে আল আমিন ও মঞ্জিলকে গ্রেপ্তার করা হয়।"
তিনি জানান, এ ব্যাপারে বিস্ফোরক আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।
গাইবান্ধার পুলিশ সুপার এসএম মনির-উজ-জামান এ বিষয়ে বলেন, "গ্রেপ্তারকৃতরা বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে এসব বিস্ফোরক তৈরি করছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৩২৪ ঘ.
bdnews24