ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসন ও সরকারি গণমাধ্যম নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান মরিশাসের সাবেক রাষ্ট্রপতি ক্যাসাম উতেম।
বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে ক্যাসাম উতেম বলেন, "তৃণমূল পর্যায়ে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে আগামী দুদিনে বিভিন্ন এলাকায় আমাদের পর্যবেক্ষকরা ছড়িয়ে পরবেন। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বিবেচনা করবো আমরা। এক্ষেত্রে প্রশাসন ও সরকারি গণমাধ্যম নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা সেটাও পর্যবেক্ষণ করা হবে।"
পর্যবেক্ষণের মাপকাঠি ঠিক করতে অন্য নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে তারা যোগাযোগ করবেন বলে জানান তিনি।
ক্যাসাম উতেম বলেন, "নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট প্রায় সব কর্মকাণ্ডই শেষ হয়েছে। আর যেগুলো বাকি রয়েছে তাও দ্রুত শেষ করা হচ্ছে। নিরপেক্ষ পর্যবেক্ষণের সুনাম থাকায় বিশ্বের প্রায় সব দেশের সরকারই কমনওয়েলথ পর্যবেক্ষকদের প্রতিবেদন গুরুত্ব দেয়।"
তিনি জানান, ৩০ ও ৩১ ডিসেম্বর একটি অন্তবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে। এর কিছুদিন পর প্রকাশিত হবে চূড়ান্ত প্রতিবেদন।
গত সোমবার ১০ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা এসেছে। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর অনুরোধে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকা এসেছে।
দলে আরো রয়েছেন পাকিস্তানের ইন্সটিটিউট অফ লেজিসলেটিভ ডেভলপমেন্ট অ্যান্ড ট্র্যান্সপারেন্সির পরিচালক আহমেদ মেহবুব, মালদ্বীপের ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রধান ইলহাম মোহামেদ, ট্রিনিদাদ ও টোব্যাগোর সাংবাদিক সাশা মোহামেদ, গাম্বিয়ার ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভলপমেন্ট এর জাতীয় পর্ষদের চেয়ারম্যান হালিফা সাল্লাহ, বারমুডার সাংসদ দামে জেনিফার স্মিথ, অস্ট্রেলিয়ার অভিবাসন ও নাগরিকতা বিষয়ক ছায়ামন্ত্রী ড. শ্যারম্যান স্টোন, ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বি বি ট্যান্ডন ও কানাডার নির্বাচন বিশেষজ্ঞ জুডিথ টমসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২২৫৭ঘ.
bdnews24