২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ থেকে সরে গেল বিশেষ আদালত

সন্দেহভাজন দুর্নীতিবাজদের মামলার দ্রুত বিচারের জন্য সংসদ ভবন এলাকায় স্থাপিত ১০ টি বিশেষ আদালত সরিয়ে নিচ্ছে সরকার। বুধবার বিকেলে এ বিষয়ে একটি আদেশ আইন মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। রাতে সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে আদেশটি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, "বুধবার বিকেলে এ সংক্রান্ত একটি আদেশ আমরা পেয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 04:26 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

কামরান রেজা চৌধুরী ও প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহভাজন দুর্নীতিবাজদের মামলার দ্রুত বিচারের জন্য সংসদ ভবন এলাকায় স্থাপিত ১০ টি বিশেষ আদালত সরিয়ে নিচ্ছে সরকার। বুধবার বিকেলে এ বিষয়ে একটি আদেশ আইন মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। রাতে সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে আদেশটি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, "বুধবার বিকেলে এ সংক্রান্ত একটি আদেশ আমরা পেয়েছি।" "আদালতগুলো সরিয়ে ফেলার সময় নির্ধারণ করবে আইন মন্ত্রণালয়। তবে কখন সেগুলো সরিয়ে ফেলার কাজ শুরু হবে সেটা তাদের ওপর নির্ভর করছে।" বুধবার রাতে জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "আইন মন্ত্রণালয়কে আমি নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের সময়ের মধ্যে আদালতগুলো সরিয়ে ফেলার আদেশ দিয়েছিলাম।" সরকারী আদেশটিতে বলা হয়েছে, ১০ টি আদালতের মধ্যে ১ থেকে ৫ নম্বর পর্যন্ত আদালত রাজধানীর সদরঘাট জজ কোর্ট এলাকায়, অন্য পাঁচটির মধ্যে দুটি করে আদালত চট্টগ্রাম ও খুলনায় এবং বাকি একটি রাজশাহীতে স্থানান্তরিত হবে। এতে আরও বলা হয়, ৬ থেকে ১০ নম্বর আদালতে যে মামলাগুলোর বিচার কাজ চলছিল তা ক্রমানুসারে ১ থেকে ৫ নম্বর আদালতে স্থানান্তরিত হবে। ওয়ান ইলেভেনের সেনা-সমর্থিত পট পরিবর্তনের পর সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিচারের জন্য প্রথম পর্যায়ে গত বছরের মে থেকে পাঁচটি বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর সংসদ ভবন এলাকায় স্থাপন করা হয় আরও পাঁচটি আদালত। তত্ত্বাবধায়ক সরকারের শেষ পর্যায়ে নতুন নির্বাচনের দ্বারপ্রান্তে এসে সংসদ ভবন এলাকা থেকে এসব আদালত স্থানান্তরের মধ্য দিয়ে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলো। ২০০৭ সালের ২৫ এপ্রিল যে পাঁচজন বিচারককে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মধ্যে ছিলেন মো. ফিরোজ আলম, অমর কুমার রায়, শাহেদ নুর উদ্দিন, শামসুন্নাহার বেগম ও মো. আশরাফ হোসেন। এরপর আরও পাঁচজন বিচারককে নিয়োগ দেওয়া হয়। এরা হলেন একেএম আরিফুর রহমান, সিরাজুল ইসলাম, খোন্দকার কামাল উজ্জামান, তানজীনা ইসমাইল ও আবু হানিফ। পরে শামসুন্নাহার বেগমকে বদলী করে তার স্থলে নিয়োগ দেওয়া হয় ইয়াসমিন আনোয়ারকে। আদালতগুলোতে সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ দুইশতাধিক রাজনীতিক,সাবেক মন্ত্রী, সাংসদ ও ব্যবসায়ীর দুর্নীতির বিচার কাজ চলছে। এর মধ্যে রায়ও হয়েছে প্রায় শতাধিক মামলার। বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেআরসি/পিবি/এসকে/