২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকদের লাইসেন্সের অর্ধেকই ভুয়া: বিআরটিএ চেয়ারম্যান

যানবাহন চালকদের কাছে যত লাইসেন্স রয়েছে তার অর্ধেকই ভুয়া বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক ও যান চলাচল কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান সুনীল কান্তি বসু। তিনি বলেন, "এসব ভুয়া লাইসেন্স বিআরটিএ ইস্যু করেনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যানবাহন চালকদের কাছে যত লাইসেন্স রয়েছে তার অর্ধেকই ভুয়া বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক ও যান চলাচল কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান সুনীল কান্তি বসু। তিনি বলেন, "এসব ভুয়া লাইসেন্স বিআরটিএ ইস্যু করেনি।" বুধবার দুর্নীতি দমন কমিশনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে যোগাযোগ মন্ত্রণালয় ও এর অধীন প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সুনীল বসু তার প্রতিষ্ঠানে দুর্নীতি চলার কথাও অকপটে স্বীকার করে বলেন, "এক শ্রেণীর রাজনৈতিক নেতার ছত্রছায়ায় বিআরটিএতে দুর্নীতি হচ্ছে।" যানবাহনের ত্র"টি ও ভুয়া লাইসেন্স সনাক্ত করার জন্য বিআরটিএ যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে সেটাও সবসময় কার্যকর হয় না জানিয়ে চেয়ারম্যান বলেন, "এতে আরও দুর্নীতির সুযোগ তৈরি হচ্ছে।" দুদকের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী, দুই কমিশনার মো. হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর মান্নান এবং যোগাযোগ সচিব ইকবাল মাহমুদের পাশাপাশি যাগাযোগ মন্ত্রণালয় ও এর অধিদপ্তর, দপ্তর এবং দুদকের বিভিন্ন পর্যায়ের কর্তকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধে গৃহীত পদক্ষেপ, খাতওয়ারী বাস্তবায়নযোগ্য সুপারিশমালা, নীতিনির্ধারণ পর্যায়ে পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে গত ১৩ নভেম্বর একই মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় করে চরম দুর্নীতি হয় এমন বেশ কয়েকটি খাত চিহ্নিত করেছিল কমিশন। পাশাপাশি দুর্নীতির কারণও সনাক্ত করা হয়েছিল। ক্রয়-প্রক্রিয়া, নিয়োগ-বদলি, প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন প্রক্রিয়া, সড়ক ও সেতু নির্মাণ- মেরামত, টোল-ইজারা, লাইসেন্স বিতরণ, একই কাজ বারবার করা, চুরি করে তেল বিক্রি ইত্যাদি খাতে ও প্রক্রিয়ায় চরম দুর্নীতি হওয়ার বিষয়টি চিহ্নিত হয়। মতবিনিময়ে অংশগ্রহণকারী কয়েকজন বলেন, সিন্ডিকেটের কারণে অনেকেই টেন্ডারে অংশ নিতে পারে না। এর ফলে ঠিকাদরা ইচ্ছেমতো একই কাজ সঠিক সময়ে বাস্তবায়ন না করে বাজেট বাড়িয়ে বারবার টাকা তুলে নেয়। এই অবস্থা থেকে রেহাই পেতে হলে অনলাইনে টেন্ডার আহ্বানের ব্যবস্থা করতে হবে। দুদক চেয়ারম্যান বলেন, "আপনাদের ডেকেছি পারস্পারিক আলোচনার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমাতে। কেননা আইন করে, মামলা দিয়ে দেশ থেকে দুর্নীতি দূর করা যাবে না। তাই যোগাযোগ মন্ত্রলণালয় বা এর অধীন প্রতিষ্ঠানের দুর্নীতি আপনাদেরই চিহ্নিত করতে হবে।" ইকবাল মাহমুদ বলেন, "যোগাযোগ মন্ত্রণালয় ও এর অধীন প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে এটা অস্বীকার করার উপায় নেই। এইটাই বাস্তবতা। তবে আমাদের এখন চিন্তা করতে হবে কীভাবে এই দুর্নীতি কমিয়ে আনা যায়।" তিনি বলেন, "১৩ নভেম্বরের পর আমি ২'শ ৫০ জনকে বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে মেইল করেছি। কিন্তু দুঃখের বিষয়, ৩ জন ছাড়া কেউ আমার মেইলের উত্তর দেননি। অথচ ইন্টারনেট সংযোগসহ শত শত কম্পিউটার আমাদের রয়েছে। যাদেরকে মেইল করেছি তারা প্রত্যেকেই ইঞ্জিনিয়ার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯৫৫ ঘ.