২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নোমান ও নাছির সমর্থকদের সংঘর্ষ

খালেদা জিয়ার ওপর কথিত গ্রেনেড হামলা চেষ্টার প্রতিবাদে ডাকা এক সমাবেশে বুধবার বিকেলে বিএনপি'র দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ওপর কথিত গ্রেনেড হামলা চেষ্টার প্রতিবাদে ডাকা এক সমাবেশে বুধবার বিকেলে বিএনপি'র দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে। সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিনের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ এসে সংঘর্ষকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়। ৪টার দিকে মীর নাছির কিছু নেতা-কর্মীসহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে আসেন। এ সময় নোমান সমর্থকরা তাদের বাধা দেয়। নোমান সমর্থকরা মীর নাছিরকে লাঞ্ছিত করার চেষ্টা চালায়। পুলিশ এসে সাবেক মন্ত্রীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। নোমান সমর্থক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মীর নাছিরের ওপর নগর বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘদিন থেকে ক্ষুব্ধ। তারই বহিঃপ্রকাশ ঘটেছে আজ (বুধবার)। তাকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার ক্ষুব্ধ কর্মীরা আগেই ছিনিয়ে নেয়। এরপরও তিনি জোর করে সমাবেশস্থলে আসার চেষ্টা করলে সমর্থকরা ক্ষুব্ধ হয়ে তার মিছিলে বাধা দেয়।" সমাবেশে যোগ দিতে 'নিষেধ' করার পরও তিনি আসায় কর্মীরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায় বলে মোহাম্মদ আলী উল্লেখ করেন। এ ব্যাপারে মীর নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদলের বহিস্কৃত নেতা মোহাম্মদ আলী ও ইয়াসিন চৌধুরী লিটনের নেতৃত্বে নোমানের উচ্ছৃংখল কর্মীদের হামলার চেষ্টার সময় সাধারণ কর্মীরা বাধা দিলে এ ঘটনা ঘটে। জাতির এ দুঃসময়ে যখন দলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন তখন নোমানের লোকজন বিভেদ সৃষ্টির যে চেষ্টা চালায় তা সুখকর নয়।" এটি নির্বাচনের আগে দলীয় কর্মকাণ্ডে প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন। সাবেক সাংসদ রোজী কবীরের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক ডা. শাহাদত হোসেন, বিএনপি নেতা এফএইচ খান ফজু, এম এ সবুর, এম নাজিম উদ্দিন প্রমুখ নেতারা বক্তৃতা করেন। মীর নাছির সমাবেশে ভাষণ দিতে না পারলেও ঘটনাস্থলের অদূরে নিজ সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এসকে/১৯১৮ঘ.