ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে চারটি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর অবকাশকালীন একক বেঞ্চ দুলুর পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
তার বিরুদ্ধে এই চারটি মামলার দুটি চাঁদাবাজির, একটি অবৈধ সম্পদ অর্জন, ও অপরটি মিথ্যা তথ্য দিয়ে বনানীতে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ দায়ের করা হয়।
সাবেক ভূমি উপমন্ত্রী দুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আহসানুল করিম।
আদেশের পর আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুলু এই চারটি নিয়ে সবগুলো মামলায় জামিন পেলেন। তাকে নতুন কোন মামলায় আর গ্রেপ্তার দেখানো হয়নি। তাই এখন তার কারাম্ুিক্তকে আর কোন আইনগত বাধা নেই।"
এর আগে শুনানিতে তারা বলেন, সরকার জরুরি ক্ষমতা আইন ও জরুরি অবস্থা তুলে নিয়েছে। তাই এই ধরনের মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করতে পারে।
দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি অ্যাডভোকেট আবদুল আজিজ খান দুলুর জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৬১৫ ঘ.
bdnews24