ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন। তবে দুই নেত্রীর ওপর হুমকি থাকলেও হুমকিদাতারা সংঘবদ্ধ নয় বলে মনে করছেন পুলিশ প্রধান নূর মোহাম্মদ।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা এমএ মতিনের সঙ্গে বৈঠক করেন পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালক। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী সফরের সময় চান্দিনার একটি এলাকায় গ্রেনেড উদ্ধারের পরদিনই পুলিশ ও র্যাব প্রধানের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা।
এর আগে ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সে দেশের টেলিভিশ চ্যানেল সিএনএন-আইবিএন শনিবার জানায়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে জঙ্গিরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে পুলিশ প্রধান নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, "দুই নেত্রীর ওপর হুমকি রয়েছে। এ পর্যন্ত আটক জঙ্গিদের কাছে থেকে যেসব সিডি ও লিফলেট উদ্ধার করা হয়েছে; তাতেও তাদের জন্য হুমকি ছিল। কিন্তু যারা এসব করছে তারা তেমন শক্তিশালী বা সংগঠিত বলে আমরা মনে করি না।
"তারপরও নিরাপত্তার কথা ভেবে তারা (দুই নেত্রী) যেসব স্থানে নির্বাচনী প্রচারে যাচ্ছেন সেখানে নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য আরও যা যা করা দরকার, তার সবই করা হবে।"
বৈঠকের আলোচনার বিষয়ে নূর মোহাম্মদ বলেন, "নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে উপদেষ্টার (স্বরাষ্ট্র) সঙ্গে কথা হয়েছে। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। যেখানে যা করা প্রয়োজন, যেমন জনবল প্রয়োজন; তেমন ব্যবস্থাই করা হবে।"
র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার চান্দিনার ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "চান্দিনায় খালেদা জিয়ার সমাবেশের অদূরে বিস্ফোরক দ্রব্য ও গোলাবারুদসহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে র্যাব অভিযান চালিয়ে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
নির্বাচন ও দুই নেত্রীর নিরাপত্তার বিষয়ে উপদেষ্টা কোনও দিক নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাওয়া হলে হাসান মাহমুদ বলেন, "নির্বাচন ও নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক দিক পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
নিরাপত্তাজনিত কোনও কারণে দুই নেত্রীর নির্বাচনী প্রচারে কোনও বাধার সৃষ্টি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
উপদেষ্টা এমএ মতিন জানান, দুই নেত্রীর নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, "আমরা মনে করি না, আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে তাদের (দুই নেত্রী) নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি হতে পারে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ দৃষ্টি রয়েছে।"
আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন বানচালের আশঙ্কাকে নাকচ করে উপদেষ্টা বলেন, "ইনশাল্লাহ, যথাসময়ে নির্বাচন হবে।"
চান্দিনায় বিস্ফোরকসহ দুই জঙ্গি গ্রেপ্তারের বিষয়ে এমএ মতিন বলেন, "সেখানে র্যাব তৎপর ছিল। র্যাবের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। নির্বাচনের সময় সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ৬ লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আনসার সদস্য ৪ লাখ ৬৬ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৬১৬ ঘ.
bdnews24