২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের সাহাবুদ্দিন হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার স্বরূপচন্দ্র পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন খানকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার দ্রুত বিচার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 05:52 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার স্বরূপচন্দ্র পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন খানকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার দ্রুত বিচার আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মুহম্মদ নূরুল হুদা এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- এমএস খান ও মমতাজ বেগম। তারা দুইজনই পলাতক। এছাড়া হান্নান শাহ, রুবেল, মিরহাস, রুমি বেগম, আলমগীর ও ইদ্রিস তালুকদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। আসামিদের মধ্যে আলমগীর ও ইদ্রিস তালুকদার কারাগারে রয়েছেন; বাকিরা পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২২ জনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক। রায়ে বলা হয়, সাহাবুদ্দিন খান শ্রীনগরের চাঞ্চল্যকর পাঁচ হত্যা মামলার প্রধান সাক্ষী ছিলেন। ২০০৫ সালের ১২ আগস্ট ওই মামলায় মমতাজ বেগমের স্বামী আজিজুল ইসলামের ফাঁসির রায় হয়। রায়ে ক্ষিপ্ত হয়ে আসামিরা ওই বছর ২ সেপ্টেম্বর শ্রীনগর এলাকার বাগড়া বাজারে সাহাবুদ্দিনকে গুলি করে হত্যা করে। এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/২৩৪০ ঘ.