ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার দেবীদ্বার উপজেলা থেকে মঙ্গলবার জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে তিনটি দেশীয় গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। তবে এর আগে পুলিশ জানিয়েছিল চার দেশি গ্রেনেড উদ্ধা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারীর নাঈম এবং কুমিল্লার দেবীদ্বারের আবু আনসারী। এদের মধ্যে নাইম র্যাবের সঙ্গে গোলাগুলিতে আহত হয়েছেন। এরা কোন সংগঠনের সদস্য তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
র্যাব বলেছে- গ্রেপ্তারকৃতদের তাদের হেফাজাতে আছে। জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে তারা কোন সংগঠনের সদস্য।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, কুমিল্লায় উদ্ধার করা গ্রেনেড তাকে হত্যার জন্যই সেখানে নেওয়া হয়েছিল। মঙ্গলবার রাতে লক্ষীপুরের রায়পুরা উপজেলায় মার্চেন্ট একাডেমি মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে গ্রেনেড উদ্ধারস্থলের এক কিলোমিটারের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে নির্বাচনী সভা করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
কুমিল্লার পুলিশ সুপার ইমতেয়াজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেবীদ্বারের নবীয়াবাদ গ্রাম থেকে তিনটি গ্রেনেডসহ দু'জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে তিনটি দেশি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
র্যাব আটকের কথা স্বীকার করলেও অভিযানের স্বার্থে আর কিছু জানায়নি বলে জানান তিনি।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেলের প্রধান কমান্ডার আবুল কালাম আজাদ রাত সাড়ে ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নবীয়াবাদ গ্রামে জঙ্গিরা অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে কুমিল্লার দায়িত্বে থাকা র্যাব-১১ দলকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায় সদর দপ্তরের একটি দল। তাদের সঙ্গে র্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তারাও রয়েছেন।"
পুলিশ সুপার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি জানান, বিকেল সাড়ে ৪টায় র্যাব-১১ এর দলসহ হেডকোয়ার্টারের একটি দল নবীয়াবাদ গ্রামে অভিযান চালায়। এ সময় তারা র্যাবকে লক্ষ্য করে একটি গ্রেনেড ছোড়ে। কিন্তু গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি খালে পড়ে। র্যাব এ সময় তাদের ধাওয়া ও গুলি করলে নাঈম আহত হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে গ্রামের একটি বাড়ি থেকে তিনটি গ্রেনেডসহ আবু আনসরীকে গ্রেপ্তার করে।
টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসটি/ডিডি/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24