ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার শফিক আহমেদ।
সোমবার বার কাউন্সিল ভবনে এর চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে নব নির্বাচিত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত প্রথম সভায় ব্যারিস্টার শফিক আহমেদকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন কাউন্সিলের সদস্যরা।
পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হন।
সভায় বার কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়।
নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন সৈয়দ রেজাউর রহমান । অর্থ ও গৃহায়ন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন পিসি গুহ।
এছাড়া এম ইনায়েতুর রহিম আইন সংস্কার কমিটির চেয়ারম্যান, জেড আই খান পান্না মানবাধিকার ও আইনি সহায়তা কমিটির চেয়ারম্যান, মো. ইস্রাফিল ত্রাণ কমিটির চেয়ারম্যান, মো. ইয়াহিয়া প্রকাশনা কমিটির চেয়াম্যান ও মিসবাহউদ্দিন সিরাজ ভিজিল্যান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।
আইন সংস্কার কমিটির নতুন চেয়ারম্যান ইনায়েতুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বার কাউন্সিলের নবনির্বাচিত কমিটি দেশের আইনজীবীদের প্রত্যাশা পূরণে কাজ করে যাবে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বার কাউন্সিল অগ্রণী ভূমিকা রাখবে।"
গত ২০ নভেম্বর আইনজীবীদের সর্ববৃহৎ এ সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২২৫৫ঘ.
bdnews24