ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পাবনা ও সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তাকে (জেলা প্রশাসক) প্রত্যাহার করে দুটি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এই বদলির আদেশ জারি করে।
পাবনার জেলা প্রশাসক খন্দকার মোখলেসুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ে এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসক আশরাফ আলীকে সংস্থাপন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে আরেক আদেশে বেসরকারিকরণ কমিশনের উপ-পরিচালক হুমায়ুন কবিরকে সিরাজগঞ্জ এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক এ এস এম মঞ্জুর কাদিরকে পাবনার জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন রোববার এ দুই জেলা প্রশাসককে বদলি করার জন্য সংস্থাপন মন্ত্রণালয়কে অনুরোধ করে।"
ওই দুই কর্মকর্তার মধ্যে খন্দকার মোখলেসুর রহমান বিগত জোট সরকারের আমলে পাবনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধিকাংশ জেলা প্রশাসককে বদলি করা হলেও তিনি আগের জায়গাতেই বহাল ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/জেকে/এসকে/২২১৬ঘ.
bdnews24