২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈধতাদান বিষয়ে আগামী সরকারের সঙ্গে কাজ করতে হবে: ইফতেখার

তত্ত্বাবধায়ক সরকারের আমলে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপের বৈধতার জন্য বর্তমান সরকারকে আগামী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে হবে বলে মত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের আমলে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপের বৈধতার জন্য বর্তমান সরকারকে আগামী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে হবে বলে মত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। এসময় তিনি নির্বাচন অনুষ্ঠানের পথে অনেক বাধা থাকার কথা স^ীকার করে বলেন, ফখরুদ্দীন আহমদের সরকার সব বাধা পার করেছে। উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া কিছু সংস্কার কর্মসূচি সফল হয়নি। কিন্তু অন্য অনেক কিছুর মধ্যে এই সরকারের একটি সাফল্য হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। লিখিত বিবৃতিতে ইফতেখার আহমদ বলেন, "অবশ্যই আমরা সব বিষয়ে সফল হইনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহালের ব্যাপারে সব বাধা ঠেলে এগিয়ে যেতে পেরেছি। ..আমরা এখন শেষ পর্যায়ে উপনীত।" পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক ও স্বচ্ছন্দভাবেই হবে বলে সরকারের প্রত্যাশা। উপদেষ্টা বলেন, "রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির মতো আমাদের কোনো ক্ষমতা হস্তান্তরকালীন প্রশাসন নেই। তারপরও জারি করা অনেক অধ্যাদেশের বৈধতা দেওয়া ও বিভিন্ন সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আগামী সরকারের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কাজ করা প্রয়োজন। আমরা আশা করি এটা সম্ভব হবে।" তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তত্ত্বাবধায়ক সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার না থাকলেও সাংবিধানিক ম্যান্ডেটের চেয়ে অনেক বেশি সময় ক্ষমতায় থাকা এ সরকার বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে এ সরকারের বৈধতার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ । ব্রিফিং শেষে সুইস রাষ্ট্রদূত ডোরা র‌্যাপল্ড সাংবাদিকদের বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই।" তার সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন 'সফলতার' কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, " আমি গর্বের সঙ্গে বলছি এই মন্ত্রণালয় বেশ কিছু বড় কাজের সঙ্গে যুক্ত হয়েছে। বিশেষ করে জাতিসংঘ দুর্নীতি দমন সনদ স্বাক্ষর এবং জাতীয় মানবাধিকার কমিশন স্থাপন।" যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স, জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকে, ফরাসি রাষ্ট্রদূত শার্লি কসুরে, অস্ট্রেলীয় হাই কমিশনার ডগলাস ফসকেট ও অন্যান্য দূতাবাস প্রধানরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ২০০৭ সালের ১২ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এটি বিদেশী কূটনীতিকদের জন্য ষষ্ঠ ব্রিফিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২১৩৯ঘ.