২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মহাজোট প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মহাজোট প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফরুক চৌধুরীর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

রাজশাহী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মহাজোট প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফরুক চৌধুরীর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১২টার দিকে নির্বাচনী গণসংযোগ শেষে রাজশাহী ফেরার পথে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বুড়াবুড়ির মোড়ে এ হামলা হয় বলে ফারুক চৌধুরী এবং আওয়ামী লীগ নেতারা দাবি করেন। তিনি এটাকে পরিকল্পিত হামলা ও হত্যা প্রচেষ্টা বলে দাবি করলেও কাউকে দায়ী করেননি। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আমিন সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাটি শুনেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, ঘটনাস্থল আটক ট্রাক চালক আজিজুল ইসলাম ও ফারুক হোসেন এবং তাদের সহকারী ভুট্টু ও শামসুল জিজ্ঞাসাবদে বলেছেন- তারা ডাকাতির শিকার। ডাকাতরা তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ওমর ফারুক চৌধুরীর বাসায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতারা দাবি করেন, এই হামলা ডাকাতি কিংবা ছিনতাইয়ের উদ্দেশ্যে নয়, মহাজোট প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে করা হয়েছে। তারা ওমর ফারুক চৌধুরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে তার পূর্ণ নিরাপত্তা এবং জমা রাখা বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত দেওয়ার দাবি জানান। ফারুক চৌধুরী দাবি করেন, তানোরের মুন্ডুমালা পৌর এলাকা থেকে রাজশাহী ফেরার পথে বুড়াবুড়ি এলাকায় রাস্তার উপর দুটি ট্রাক ও দুটি মাইক্রোবাস এবং একটি ফেলা রয়েছে দেখতে পান। এসময় তার গাড়ি থামানো হলে হামলাকারীরা লাঠি দিয়ে আঘাত করে। তিনি ও তার সঙ্গী স্বেচ্ছাসেবক লীগ মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান চঞ্চল, যুবলীগ নেতা শরীফ উদ্দিন তুহিন ও মুক্তার আলী লুলু লাফিয়ে পাশের জমিতে নেমে যান। কিন্ত হামলাকারীরা তাদের পেছনে ধাওয়া করে। তারা চিৎকার করে বলছিল- 'গুলি কর, গুলি কর'। এক পর্যায়ে পুলিশের একটি টহল দল ভটভটি (নছিমন) নিয়ে ঘটনাস্থলে এলে হামলাকারীরা মাইক্রোবাসে করে এলামদহী সড়ক হয়ে নওগাঁর দিকে চলে যায়। তিনি দাবি করেন, কয়েকদিন আগেও তিনি রাজশাহীর পুলিশ সুপারকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান। এর আগে কোন হুমকি পেয়েছেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে ফারুক চৌধুরী বলেন, তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.