ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া 'মসৃণ' করতে সরকার নির্বাচনের আগেই দুই প্রধান জোটের নেত্রীর সঙ্গে বৈঠক করবে বলে জানিয়েছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বৈঠকের দিনক্ষণ নির্ভর করবে দুই নেত্রীর সিদ্ধান্তের ওপর।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে 'রপ্তানি পণ্যের বহুমুখীকরণ' সম্পর্কিত এক সভায় সভাপতিত্ব করেন তিনি।
হোসেন জিল্লুর বলেন, " আমরা যেন আইন অনুযায়ী দ্রুততম সময়ে মসৃণভাবে দায়িত্ব হস্তান্তর করতে পারি, সেজন্য প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়ার জন্য আমরা আবারও দুই নেত্রীর সঙ্গে সংলাপে বসতে চাই। তবে তারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তাদের দেওয়া সময় অনুযায়ীই এটি করা হবে।"
দুই নেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না- জানতে চাওয়া হলে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র এবং অন্যতম আলোচক হিসেবে দায়িত্বপালন করা এ উপদেষ্টা বলেন, "আমরা আলাপ-আলোচনার মাধ্যমে এতদূর এসেছি। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ তো সব সময়ই সচল রয়েছে। তবে এখন তারা নির্বাচনী প্রচার নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাদের কাছে থেকে সময় পেলেই আমরা কথা বলব।"
দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া 'অমসৃণ' হতে পারে এমন আশঙ্কা করছেন কি না- এ প্রশ্নের জবাবে হোসেন জিল্লুর বলেন, "আমরা একটি সফল ও গ্রহণযোগ্য নির্বাচনের পর সফলভাবে দায়িত্ব হস্তান্তর করতে চাই। এজন্য আস্থার পরিবেশ প্রয়োজন। আস্থার পরিবেশ সৃষ্টি করতেই এ সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। 'অমসৃণ' কিছু হওয়ার আশঙ্কা আমরা করছি না।"
আগামীতে দেশ কীভাবে চলবে, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে কি না- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আগামীতে দেশ কীভাবে চলবে, সে সিদ্ধান্ত নেবে নির্বাচিত নতুন সরকার। তবে আমাদের পক্ষ থেকে একটি কর্ম-পরিকল্পনা তৈরি করা হয়েছে, তা নতুন সরকারকে দেওয়া হবে। সরকার প্রয়োজনে এসব পরিকল্পনা গ্রহণ বা বাতিল করতে পারে।"
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিমও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৮৩৮ঘ.
bdnews24