ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে কোকোর অর্থ পাচারের খবর উদ্দেশ্যপ্রণোদিত বলে বিএনপির করা অভিযোগ নাকচ করেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সোমবার বলেছেন, "উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই আরাফাত রহমান কোকোর নামে সিঙ্গাপুরের একটি ব্যাংকে অবৈধ অর্থ থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন।"
সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ে প্রতিষ্ঠানের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দুর্নীতি দমন কমিশন গত বৃহস্পতিবার জানায় বলেন, খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর নামে বিদেশে গচ্ছিত প্রায় সাড়ে ১১ কোটি টাকার সমমানের অর্থের সন্ধান পাওয়া গেছে।
পরদিন বিএনপির পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে বলা হয়, এর মাধ্যমে দুর্নীতি দমন কমিশন বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষের হাতে একটি হাতিয়ার তুলে দিল। কোকোর বিরুদ্ধে এ অভিযোগ 'সাজানো' বলে দাবি করে দলটি।
একটি দলের বিরুদ্ধে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অভিযোগটি আনা হয়েছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে না সূচক উত্তর দিয়ে হাসান মশহুদ বলেন, "দীর্ঘ দিন অনুসন্ধানের পর দুদক বিষয়টি শতভাগ নিশ্চিত হয়েছে। কোকোর ঘটনার সঙ্গে সিমেন্স কোম্পানির ঘুষ দেওয়ার বিষয়টি জড়িত থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না।"
তিনি বলেন, "দুদক এসিড টেস্ট হিসেবে এই অর্থ পাচারের বিষয়টা দেখছে। কেননা এই প্রথম জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন এর (ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনেস্ট করাপশন) আওতায় মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট (এমএলআরএ)-এর মাধ্যমে এই অর্থের সন্ধান পাওয়া গেছে। আমাদের বিশ্বাস এই ঘটনায় মামলা দায়ের ও অভিযোগপত্র দেওয়াও সম্ভব হবে।"
তিনি জানান, কিছুদিনের মধ্যেই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কোকোর বিরুদ্ধে এভাবে অভিযোগ উত্থাপিত হওয়ায় নির্বাচন ব্যাহত হতে পারে বলে একজন সিনিয়ির আইনজীবীসহ কয়েকজনের মন্তব্য প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন,"মত প্রকাশের স্বাধীনতা দেশের সব মানুষেরই রয়েছে। তবে দুদক কোনো নির্বাচনী সংস্থা নয়। কোনো রাজনৈতিক কর্মসূচির কারণে দুদকের কর্মকাণ্ড সীমিত বা ব্যাহত করতে হবে- বিষয়টি গ্রহণযোগ্য নয়। অর্থ পাচারের তথ্যটা আমরা সঠিক মনেকরেই প্রকাশ করেছি। সেটা যে কোনো সময়ই হতে পারে।"
তিনি আরও বলেন,"বাংলাদেশ সরকারের চাহিদার পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে গত ৩০ সেপ্টেম্বর অর্থ পাচারের বিষয়টি জানানো হয়। এরপর ব্যাপক অনুসন্ধান করে দুদক এতে নিশ্চিত হয়। এছাড়া আমেরিকায় এ সংশ্লিষ্ট সিমেন্স কোম্পানির আরেকটি মামলা বিচারাধীন থাকায় আমরা কিছু সময় অপেক্ষা করেছি।"
হাসান মশহুদ বলেন, "কমিশনের কর্মকাণ্ড নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে-এ মন্তব্য সঠিক নয়। এ ধরণের কথা বলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24