ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মানিকদীতে রোববার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা তিন জনে দাঁড়ালো।
মানিকদী চৌধুরীগঞ্জ বালুরঘাটে একটি চায়ের দোকানে রোববার রাতে সন্ত্রাসীরা গুলি চালালে মোহাম্মদ আরিফ ও অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়। আহত হয় দুই জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সাঈদ (২৫) নামে এক জনের মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন।
গুলিতে আহত কবির হোসেন (২২) এখনও হাসপাতালে আছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী তাইজুদ্দীন নামে একজন রিক্সাচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ৮টার দিকে বালুরঘাটে একটি চায়ের দোকানে বসেছিলেন নিহত আরিফসহ কয়েকজন। এসময় কয়েকজন অস্ত্রধারী এসে আরিফকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে। গুলিবিদ্ধ আরিফ ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অজ্ঞাত পরিচয়ের যুবক।
এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মুহূর্তে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।"
আহতরা একটু সুস্থ হলে তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসটি/এমআই/১২৫০ ঘ.
bdnews24