২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশা কাটতে শুরু করেছে, ফসলের ক্ষতির আশঙ্কা

সারাদেশে কুয়াশা কাটতে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে হালকা হবে কুয়াশার চাদর। তবে এরই মধ্যে বেশ লম্বা সময় চেপে থাকা এ কুয়াশা ফসলের জন্য বিরূপ প্রভাব রেখে যেতে পারে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ সাদেকুল আলম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়াশা কমতে শুরু করেছে। ধীরে ধীরে এটি সম্পূর্ণ কেটে যাবে। তাপমাত্রাও কমতে থাকবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করসপনডেন্ট ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে কুয়াশা কাটতে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে হালকা হবে কুয়াশার চাদর। তবে এরই মধ্যে বেশ লম্বা সময় চেপে থাকা এ কুয়াশা ফসলের জন্য বিরূপ প্রভাব রেখে যেতে পারে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ সাদেকুল আলম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়াশা কমতে শুরু করেছে। ধীরে ধীরে এটি সম্পূর্ণ কেটে যাবে। তাপমাত্রাও কমতে থাকবে।" দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের বেশি কুয়াশার দখলে ছিল আকাশ। রাজধানীতে ছিল প্রায় পাঁচ দিনের মতো। সাদেকুল আলম জানান, এবারের কুয়াশা ছিল ভিন্ন ধরনের। স্থানীয়ভাবেই বিস্তীর্ণ এলাকায় এ কুয়াশা সৃষ্টি হচ্ছে। সাধারণত ভারতের উত্তর প্রদেশ ও বিহারে কুয়াশা তৈরি হয়ে বাতাসের মাধ্যমে এ এলাকায় বিস্তার লাভ করে। এবার ভারত ও আমাদের এখানে, দু' জায়গাতেই কুয়াশা সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি। এদিকে, তুলনামূলকভাবে দীর্ঘ সময় থাকা এ কুয়াশা কৃষিতে বিরূপ প্রভাব রেখে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। সাবেক সচিব ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ড. জেড করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘমেয়াদি কুয়াশা কৃষি ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আলুর মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে। এতে আলু ক্ষেতে ছত্রাকজনিত রোগ ছড়িয়ে পড়তে পারে।" এছাড়া ফুল জাতীয় সবজি, সরিষা ও বোরো ধানের খুব ক্ষতির আশঙ্কার কথা জানান তিনি। ড. করিমের মতে, এতে বোরো ধানের চারার বৃদ্ধি ব্যাহত হবে। মূলত সূর্যালোক ও তাপমাত্রা কমে যাওয়া এবং বেশি আর্দ্রতা কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ন্যাশনাল কনসালটেন্ট শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আবহাওয়ায় আলু ক্ষেতে ছত্রাকজনিত রোগ ছড়িয়ে পড়লে ওষুধ ছিটাতে হবে। তবে এখনও এ ধরনের খবর পাওয়া যায়নি।" রোববার আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ২৭ দশমিক ৫ ডিগ্রি। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ২। সন্ধ্যা ৬ টায় আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ দিনের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২১৫৪ঘ.