সাতক্ষীরা, ২০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা।
তারা বলেন, আসন্ন নির্বাচনে প্রমাণ করতে হবে সাতক্ষীরায় যুদ্ধাপরাধীদের কোন স্থান নাই। তাহলেই শহীদদের আত্মদান সার্থক হবে।
শনিবার দুপুরে শহরের পৌর মিলনায়তনে সমাবেশ করে মুক্তিযোদ্ধারা এ আহ্বান জানান। একইসঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন তারা।
'হটাও রাজাকার-বাঁচাও দেশ'- এ স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে মুক্তিযোদ্ধারা সাতক্ষীরা-২ আসনের জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল খালেক মণ্ডল ও সাতক্ষীরা-৩ আসনে মাওলানা রিয়াছাত আলী বিশ্বাসকে যুদ্ধাপরাধী চিহ্নিত করে নির্বাচনে তাদের প্রতিহত করার আহবান জানান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিট আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এনামুল হক বিশ্বাস। বক্তব্য রাখেন- সাতক্ষীরা-২ (সদর) আসনের মহাজোট প্রার্থী জাপার কেন্দ্রীয় নেতা এম এ জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, অধ্যাপক আবু আহম্মেদ, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, পৌর মেয়র শেখ আশরাফুল হক প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় মুক্তিযোদ্ধাদের একটি দল শহীদ রাজ্জাকের কবরে পুস্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর মুক্তিযোদ্ধারা শহীদ রাজ্জাক পার্ক থেকে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মিলায়তনে এসে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24