২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেপুটি স্পিকারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও জমি দখলের অভিযোগ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং তার পরিবারের বিরুদ্ধে চাকরি দেওয়ার জন্য ঘুষ গ্রহণ ও জমি দখলের অভিযোগ করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) চাকরিচ্যুত সদস্য এসএম জুলফিকার রহমান। এসএম জুলফিকার রহমান শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 02:54 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা,ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং তার পরিবারের বিরুদ্ধে চাকরি দেওয়ার জন্য ঘুষ গ্রহণ ও জমি দখলের অভিযোগ করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) চাকরিচ্যুত সদস্য এসএম জুলফিকার রহমান। এসএম জুলফিকার রহমান শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি দাবি করেন এসবের প্রতিবাদ করায় নওগাঁ-৩ আসনে চারদলীয় ঐক্যজোটের প্রার্থী আখতার হামিদ সিদ্দিকীর হস্তক্ষেপে চাকরি হারিয়ে তিনি নিঃস্ব হয়েছেন। তার বাহিনীর প্রাণনাশের হুমকি নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন ডেপুটি স্পিকারেরই এক সময়ের গানম্যান জুলফিকার । এ সময় ডেপুটি স্পিকারের কথিত নির্যাতন ও ভূমি দখলের শিকার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কৃষক শাহাদাত আলম এবং নওগাঁর মহাদেবপুর কলোনীপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য যুবদল নেতা কাজী ফেরদৌসও উপস্থিত ছিলেন। তারা ডেপুটি স্পিকারের বিভিন্ন 'নির্যাতন ও ভূমি দখলের' চিত্র তুলে ধরেন। জুলফিকার রহমান আইন-শৃঙ্খলা বাহিনী ও পতাকাবাহী গাড়ি ব্যবহার এবং ক্যাডার বাহিনীর নির্যাতনের ভয়ে এতদিন এ বিষয়ে তিনি মুখ বন্ধ রাখেন। জুলফিকার রহমান বলেন, তিনি এসবি সদস্য হলেও ডেপুটি স্পিকারের নির্বাচনী এলাকার বাসিন্দা হিসেবে গত ২০০১ সালের ১৫ অক্টোবর থেকে ২০০৪ সালের ২০ অক্টোবর পর্যন্ত তার গানম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, তার স্ত্রী নাসরিন সিদ্দিকী এবং ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির চাকরি দেওয়া, স্কুল-কলেজের এমপিওভূক্তি এবং মসজিদ-মাদ্রাসার অনুদান নিয়ে দেওয়ার নামে ঘুষ গ্রহণের ঘটনা প্রত্যক্ষ করেন বলে দাবি করেন। জুলফিকার রহমান বলেন, এছাড়াও তিনি সিঙ্গাইরে খামার প্রতিষ্ঠার জন্য ১৫০ বিঘা জমি দখল করেন। এর মধ্যে সামান্য কিছু মালিকদের কাছ থেকে কিনে বাকী অংশ সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করান। চাকরি না পাওয়া লোকের টাকা এবং অসহায় লোকদের দখল করা জমি ফেরত দেওয়ার কথা বললে আখতার হামিদ ক্ষিপ্ত হন ও তাকে চাকরিচ্যুত করেন বলে অভিযোগ করেন জুলফিকার। কৃষক শাহাদাত আলমও জমি দখল এবং মহাদেবপুর যুবদল নেতা সাবেক ইউপি সদস্য কাজী ফেরদৌস জানান ঠিকাদারী কাজের জন্য ৫ শতাংশ চাঁদা দাবির অভিযোগ করেন। ফেরদৌস অভিযোগ করেন, এক পর্যায়ে আখতার হামিদ ও তার সমর্থক বিএনপি নেতা সাত্তার নান্নুর সঙ্গে মতবিরোধ দেখা দিলে তারা তাকে পুলিশ দিয়ে হয়রানিমূলক গ্রেপ্তার এবং নির্যাতন করান। পরে দায়েরকৃত মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। তারা এ 'নির্যাতনের' প্রতিকার এবং চাকরি ও দখল হওয়া ভূমি ফিরিয়ে পেতে প্রধান উপদেষ্টাসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে আখতার হামিদ সিদ্দিকীর বক্তব্য জানতে বেশ কিছুক্ষণ চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৪৪ঘ.