২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আরও এক জেএমবি সদস্য গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকা পৌর এলাকা থেকে শুক্রবার ভোরে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

নীলফামারী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর জলঢাকা পৌর এলাকা থেকে শুক্রবার ভোরে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হাসানুর রহমান (২১) জলঢাকা পৌর এলাকার বগুলাবাড়ী সরকার পাড়ার রফিকুল ইসলামের ছেলে। এর আগে গ্রেপ্তার হওয়া জেএমবির এক সদস্যের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে গত ১৫দিনে নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর ও রংপুর থেকে জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হল। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- চায়নিজ কুড়াল, চাপাতি, ওসামা বিন লাদেন, শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইএর জেহাদী ভাষণের সিডি, জেহাদী বই ও লিফলেট। জেএমবি গ্রেপ্তারে গঠিত পুলিশের বিশেষ দলের প্রধান সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, এর আগে গ্রেপ্তারকৃত নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে জেএমবি সদস্য গোলজার হোসেনের (২২) স্বীকারোক্তি অনুয়ায়ী হাসানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিনি বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল, জেহাদি তৎপরতা বৃদ্ধি ও নাশকতা ঘটনোর লক্ষ্যে এ অঞ্চলে আত্মগোপন করে থাকা জেএমবি সদস্যরা পুনর্গঠিত হতে শুরু করে বলে গ্রেপ্তাকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.