ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশনের ষ্টেশন ইয়ার্ডে শুক্রবার বিকেলে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে বিকেল সাড়ে তিনটা থেকে রাত সোয়া ৭টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আখাউড়া রেল জংশনের উপসহকারী প্রকৌশলী টি এ চৌধুরী।
তিনি জানান, বগি লাইনচ্যুত হয়ে ট্রেনের গার্ড ফজলুল হক (৫৬) আহত হয়েছেন। তাকে আখাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টি এ চৌধুরী জানান, বিকেল সাড়ে ৩টায় চট্রগ্রামগামী একটি একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা ও চট্ট্রগাম অভিমুখী আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন সুবর্ণ, মহানগর গোধুলী ও উপকূলসহ বেশ কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনগুলোতে আটকা পড়ে।
পরে রিলিফ ট্রেন এসে বগি তিনটি সরিয়ে নেওয়ার ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24