চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতো ছুড়ে মারা সাংবাদিক মুনতাজের আল জাইদি'র মুক্তি চেয়ে শুক্রবার চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে যুব ইউনিয়ন।
বিকেলে নগরীর চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত এক সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইরাকসহ সারা বিশ্বে ইঙ্গ-মার্কিন বাহিনী সন্ত্রাস দমনের নামে যে তাণ্ডব চালাচ্ছে তা মানবাধিকার লঙ্ঘনের সামিল। ইরাক-আফগানিস্তানসহ সারা বিশ্বে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর অপশাসন ও নির্যাতনের বিরুদ্ধে বুশের প্রতি জুতো নিক্ষেপ বিশ্বের নিপীড়িত জাতি- গোষ্ঠীর ক্ষোভের প্রকাশ।
আটক সাংবাদিক মুনতাজেরকে 'বীর' হিসেবে আখ্যায়িত করেন বক্তারা। মুনতাজেরকে 'সারা বিশ্বে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের সাহসী যোদ্ধা' হিসেবে উল্লেখ করে যুব নেতারা তার মুক্তি দাবি করেন এবং তার ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান।
তারা আরো বলেন, "মার্কিন সাম্রাজ্যবাদ ও এর তাঁবেদার গোষ্ঠী শুধু ইরাক-আফগানিস্তানে নয়, বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে তাদের মোড়লগিরি ফলাতে তৎপর। সাম্রাজ্যবাদী শক্তি এদেশের তেল-গ্যাস ও খনিজ সম্পদ লুটপাটসহ নীতি-নির্ধারণের ক্ষেত্রে হস্তক্ষেপ করছে।"
চট্টগ্রাম জেলা যুব ইউনিয়ন সংসদের সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের নেতা শিহাব চৌধুরী বিপ্লব, রাজীব দেব, সুনন্দন শিকদার, সুব্রত ধর মিঠু, মাকসুদুর রহমান, সানিয়া এলিনা হক।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসকে/১৯০৩ঘ.
bdnews24