ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় আহত একুশে টেলিভিশনের সাংবাদিক রাশেদ আহমেদ ও চিত্রগ্রাহক আসাদুজ্জামানকে শুক্রবার সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
একুশে টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক কনক সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে আজ সন্ধ্যায় তাদের দুজনকে ঢাকায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউ ওয়ানে তাদেরকে রাখা হয়েছে।"
তবে দুর্ঘটনায় আহত গাড়ি চালক রবিউল ইসলাম এখনও বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
গত ১৭ ডিসেম্বর সিরাজগঞ্জে উত্তরাঞ্চল সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহরে থাকা একুশে টেলিভিশনের (ইটিভি) গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই তিনজন আহত হন। দুর্ঘটনার পরপরই তাদের চান্দাইকোণা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের স্থানান্তর করা হয় বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/১৮৫৫ঘ.
bdnews24