ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুধ উৎপাদনকারী এবং উৎপাদনে আগ্রহী কৃষকদের যুক্ত করে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) এর ৩৫ তম বর্ষপূর্তি ও দুধ উৎপাদনে 'শ্বেত বিপ্লব' ঘটানোর লক্ষ্যে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এ কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, "দুগ্ধ ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। প্রতিবছর বিদেশ থেকে প্রায় এক হাজার কোটি টাকার দুগ্ধ ও দুগ্ধ সামগ্রী আমদানি করতে হচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন, আমদানিকৃত দুধ আমাদের শিশু ও সকল শ্রেণীর মানুষের জন্য কতটা অনিরাপদ।"
তিনি বলেন, "এদেশে প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। আমরাও সমবায়ের মাধ্যমে এ জনশক্তিকে কাজে লাগিয়ে দুগ্ধ ক্ষেত্রে স্বয়ংস্পূর্ণতা অর্জন করতে পারি। এটি হলে আমাদের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হবে, আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে এবং ভেজাল বিদেশী গুঁড়ো দুধ আমদানি খাতে ব্যয়কৃত অর্থ সাশ্রয় হবে।"
দুগ্ধ উৎপাদনকারী এবং উৎপাদনে আগ্রহী কৃষকদের সমবায়ের মাধ্যমে এক করে দেশব্যাপী দুধের উৎপাদন বাড়িয়ে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, "মিল্কভিটা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সমবায়ভিত্তিক মিল্কভিটার কর্মকাণ্ডকে দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে দেওয়ার জন্য মিল্কভিটা কর্তৃপক্ষ এবং সমবায়ী কৃষকদের একযোগে নিরলসভাবে কাজ করার জন্য অনুরোধ করছি।"
দুর্নীতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশের অনেক প্রতিষ্ঠানের মত মিল্কভিটাতেও অনিয়ম, বিশৃঙ্খলা ভর করেছিল। আমরা সেগুলো অপসারণ করেছি। সে কারণেই প্রতিষ্ঠানটি লাভজনক হতে পেরেছে। একটি কথা মনে রাখতে হবে, প্রতিষ্ঠান টিকে না থাকলে কেউই টিকে থাকতে পারবেন না। লোকসান দিয়ে সরকারের পক্ষে কোন প্রতিষ্ঠান চালানো আর সম্ভব হবে না।"
১৯৭৩ সালে দরিদ্র প্রান্তিক কৃষকদের সমবায়ের মাধ্যমে সংগঠিত করে দুগ্ধ ও দুগ্ধজাত সামগ্রী উৎপাদন ও তা বিজ্ঞানসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে বাজারে সরবরাহের লক্ষ্যে মিল্ক ভিটার যাত্রা শুরু হয়। বর্তমানে মিল্কভিটা প্রায় ২৯টি দুগ্ধ কারখানা ও এলাকার মাধ্যমে ২৬টি জেলার ১০৫ টি উপজেলায় কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৩২ঘ.
bdnews24