বগুড়া, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনায় আহত একুশে টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রাশেদ আহমেদের অবস্থা উন্নতির দিকে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আশফারুল হাবিব রুশদ সন্ধ্যা ৬টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার রাতে রাশেদের জ্ঞান ফিরেছে। তিনি এখন শঙ্কামুক্ত।"
বুধবার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় তিনঘণ্টা রাশেদের শরীরে অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) আছেন।
উত্তরাঞ্চল সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহরে থাকা একুশে টেলিভিশনের (ইটিভি) গাড়ি বুধবার দুপুরে দুর্ঘটনায় পড়লে রাশেদ আহমেদসহ তিন সংবাদকর্মী আহত হন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটিভির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পরপরই আহত তিন সংবাদকর্মীকে চান্দাইকোণা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের স্থানান্তর করা হয় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
আহত ক্যামেরাম্যান আসাদুজ্জামান ও তাদের গাড়ির চালক রবিউল ইসলাম এখন সুস্থ রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24