ঢাকা,১৮ ডিসেম্বর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশের মধ্যে ভূমিকম্প ও সুনামির ঝুঁকি হ্রাসে করণীয় বিষয় অন্তর্ভূক্ত করা হচ্ছে। এর আগে শুধুমাত্র ঘূর্ণিঝড়ের বিষয় নিয়ে এ স্থায়ী আদেশ প্রস্তুত করা হয়েছিল।
বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান কর্মশালার উদ্বোধন করেন। ইউএনডিপি'র সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এ কর্মশালার আয়োজন করে।
খাদ্য সচিব বলেন, "ভূমিকম্প এবং সুনামির দিক থেকে বাংলাদেশ যে ঝুঁকির মধ্যে অবস্থান করছে তা এতদিন গুরুত্ব দেওয়া হয়নি।
তিনি বলেন," বিশেষজ্ঞরা অভিমত দিচ্ছেন যে, বাংলাদেশে যে কোন সময় বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। ফলে ভূমিকম্প ও সুনামির ঝুঁকিহ্রাসের বিষয়গুলো দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশাবলিতে অন্তর্ভূক্ত করা জরুরি"।
সচিব বলেন, "ভূমিকম্প ও সুনামির ঝুঁকিহ্রাসে কর্মশালার চুড়ান্ত সুপারিশমালা বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে"।
কর্মশালায় জানানো হয়, ভূমিকম্প ও সুনামির ঝুঁকিহ্রাসের করণীয় বিষয়সমূহ স্থায়ী আদেশাবলিতে অন্তর্ভূক্ত করতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি একটি প্রস্তাবমালা তৈরি করেছে। এতে ভূমিকম্প-পূর্ববর্তী ও ভূমিকম্প পরবর্তী করণীয় উল্লেখ করে এ সব করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সব বিষয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, স্বরাষ্ট্র , প্রতিরক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, তথ্য, গৃহায়ন ও গণপূর্ত, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং এদের অধীনস্থ বিভাগ, বিভাগীয় কমিশনার এবং সিটি করপোরেশনসহ মাঠ প্রশাসনের করণীয়সমূহ চিহ্নিত করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএনডিপি'র কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রেজনার ও ব্যুরোর পরিচালক এ এইচ এম আব্দুল্লাহ।
কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমক/এমকে/এসকে/১৭৩৪ঘ.
bdnews24