বরিশাল, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার এলাকা থেকে বুধবার ভোরে আব্দুর রহিম (৩৯) নামে জঙ্গীদল জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সাজাপ্রাপ্ত এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আব্দুর রহিম দেশব্যাপী সিরিজ বোমা হামলার দু'টি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। বরিশাল দ্রুত বিচার ট্রাইবুনাল এ দু'টি মামলার রায় দেয়।
রহিম বরিশাল নগরীর নবগ্রামের নয়াকান্দি এলাকার রতন আলী খানের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর টডকমকে জানান, সাভার থানা পুলিশের সহযোগিতায় বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ রহিমকে আটক করে। ঘটনার পর থেকেই আব্দুর রহিম পলাতক ছিলেন।
বরিশাল কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক হেলাল উদ্দিন জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট কোতোয়ালি থানা এলাকায় একযোগে ১২টি স্পটে বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওইদিন পৃথক ১২টি মামলা করে। এর মধ্যে আব্দুর রহিম ১১টি মামলার আসামি। পরবর্তীতে ৯টি মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হন। দু'টি মামলায় তার যাবজ্জীবন সাজা হয়।
পুলিশ বলেছে, গ্রেপ্তারের দিন থেকে তার সাজা কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২১৪ঘ.
bdnews24