২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রণালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের প্রতীক অনশন

মুক্তিযোদ্ধাদের জাতীয় বীর ঘোষণা, তাদেরই সমন্বয়েই মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন ও মুক্তিযোদ্ধা ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীত করার দাবিতে বাংলাদেশ মুক্তি সংঘ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে প্রতীক অনশন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাদের জাতীয় বীর ঘোষণা, তাদেরই সমন্বয়েই মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন ও মুক্তিযোদ্ধা ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীত করার দাবিতে বাংলাদেশ মুক্তি সংঘ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে প্রতীক অনশন করেছে। বিজয় দিবসের একদিন পরই মুক্তিযোদ্ধারা এ অনশন করলেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিরউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস পেয়ে মন্ত্রণালয় চত্বর ত্যাগ করেন তারা। সকালে মুক্তি সংঘের চেয়ারম্যান নুরুল ইসলাম ও মহাসচিব শাহ আলমের নেতৃত্বে শতাধিক মুক্তিযোদ্ধা পরিবহন পুলের ষষ্ঠ ও সপ্তম তলায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। আলোচনার প্রস্তাব এলে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবের কক্ষে তার সঙ্গে বৈঠক করেন। নূরুল ইসলাম বলেন, "সচিব আমাদের সঙ্গে বৈঠকের মধ্যেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন।" সংঘের দাবির মধ্যে আরো রয়েছে যুদ্ধাহত ও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের পরিবারকে প্রয়োজন অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধাদের কথিত হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৮২৮ঘ.