২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"বাংলার বুকে আমার যেন দাফনও না হয়"

প্রাপ্য মুক্তিযোদ্ধা ভাতা না পাওয়ার দুঃখে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আত্মাহুতির চেষ্টা করলেন এক মুক্তিযোদ্ধা। ঘড়িতে তখন বেলা পৌনে ১১টার মতো বাজে। জাতীয় স্মৃতিসৌধের মূলবেদীর ঠিক পেছনে হঠাৎ করেই দেখা যায় একজনকে ঘিরে শতশত মানুষ। ব্যস্ত হয়ে ওঠেন গণমাধ্যমের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

সেলিম আহমেদ সাভার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রাপ্য মুক্তিযোদ্ধা ভাতা না পাওয়ার দুঃখে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আত্মাহুতির চেষ্টা করলেন এক মুক্তিযোদ্ধা। ঘড়িতে তখন বেলা পৌনে ১১টার মতো বাজে। জাতীয় স্মৃতিসৌধের মূলবেদীর ঠিক পেছনে হঠাৎ করেই দেখা যায় একজনকে ঘিরে শতশত মানুষ। ব্যস্ত হয়ে ওঠেন গণমাধ্যমের কর্মীরা। দেখা গেলো চাঞ্চল্যের কারণ বৃদ্ধ এক মুক্তিযোদ্ধা যিনি কিনা বিষের বোতল হাতে করে বাগেরহাট থেকে এসেছেন আত্মাহুতি দেবেন বলে। শেখ সিদ্দিকুর রহমান নামে এই স্বাধীনতার সৈনিকের মাথায় ছিল স্বাধীনতার লাল পতাকা খচিত ব্যানার। আর দেহে জড়ানো ব্যানারে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আত্মাহুতির ঘোষণা। ১২১৫ নম্বর মুক্তিযোদ্ধা সনদধারী সিদ্দিকুর রহমানের অবস্থা দেশের বহু বঞ্চিত নিঃস্ব মুক্তিযোদ্ধার চেয়ে আলাদা কিছু নয়। দিনের পর দিন ঘুরে প্রাপ্য ভাতা পাননি তিনি। আত্মহত্যায় ব্যর্থ হয়ে সিদ্দিকুর জানালেন তার অভিমানের কথা। "গত সাতটি বছর মুক্তিযোদ্ধা সন্মানী ভাতার জন্যে দ্বারে দ্বারে ঘুরেছি; কোথাও নূন্যতম সাড়া পাইনি", বলেন সিদ্দিকুর। অসহায় এই মুক্তিযোদ্ধা অভিমানে ধিক্কার জানান দেশকেও। বললেন, "রাজাকাররা যেখানে পতাকা উড়িয়ে ঘুরে বেড়ায়, সেখানে আমার মতো মুুক্তিযোদ্ধা না খেয়ে রাস্তা-ঘাটে পড়ে থাকে। আমার আর বাঁচার দরকার কি? বাংলার বুকে আমার যেন দাফনও না হয়; আমার লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েন।" বাগেরহাট জেলার মোল্লার হাট থানার এক গ্রামে সাত সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছেন সিদ্দিকুর। স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা ভাতার জন্য তার কাছে ঘুষ দাবি করে বলে অভিযোগ করেন তিনি। ঘুষ দিতে না পারায় তাকে ভাতা দেওয়া হয়নি। সিদ্দিক বললেন, প্রাপ্য ভাতা পাবার জন্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, সরকার প্রধান ও সেনা প্রধানের কাছে লিখিত আবেদন করেও সাড়া পাননি তিনি। জীবিকার জন্যে রিকশা চালান সিদ্দিকুর, কখনোবা কুলির কাজ। কিছুদিন আগে রাজমিস্ত্রির সহকারীর কাজ করতে গিয়ে গলায় রড বিদ্ধ হয় তার। সুচিকিৎসার অভাবে অসহ্য যন্ত্রণায় ভুগছেন। আত্মাহুতির প্রস্তুতি নিলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বাধা দেন। ঢাকা জেলা পুলিশ সুপার আনসার উদ্দিন খান পাঠান জানান, শেখ সিদ্দিকুর রহমান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার মুক্তিযোদ্ধা সনদ নং-১২১৫।" তাকে স্ত্রীসহ আশুলিয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। আইনের চোখে আত্মহত্যার চেষ্টাও অপরাধ এ কথা উল্লেখ করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন সিদ্দিকুর রহমানের কাছ থেকে 'আশাথিয়ন' নামের একটি কীটনাশক বিষের বোতল ও মুক্তিযোদ্ধা সনদ পাওয়া গেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "আমরা তাকে নিরাপদে রেখেছি। স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলেই আমরা এই মুক্তিযোদ্ধাকে তাদের হাতে তুলে দেব। ততক্ষণ তিনি আমাদের কাছেই থাকবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২০০০ঘ.