ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান এবং একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবির মধ্য দিয়ে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। নয় মাস সশস্ত্র সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী।
মঙ্গলবার সূর্যোদয়ের প্রাক্কালে ২১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং এর পরপরই প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন। ওই সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সশস্ত্র সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কিছু সময় নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদ অগণিত বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিচারপতি, কূটনীতিক, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পর উপস্থিত কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর শহীদ বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথমে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবার এবং পরে সাত বীরশ্রেষ্ঠের পরিবার যৌথভাবে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। তারপর শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।
সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদ, আখম জাহাঙ্গীর হোসেন, সাহারা খাতুন, আকতারুজ্জামান, নাজমা রহমান, তালুকদার তৌহিদ জং মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এরপরই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধে।
স্মৃতিসৌধের মুক্তমঞ্চে উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা গান পরিবেশন করে এবং রাজাকারদের শাস্তি দেওয়ার শপথ নেয়। যুদ্ধাপরাধীদের বিচার দাবি সম্বলিত প্লাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধন করে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার বাইরে থাকায় সকালে স্মৃতিসৌধে ফুল দিতে পারেননি। নির্বাচনী প্রচার শেষে ঢাকায় ফেরার পথে তিনি দুপুর আড়াইটার সময় স্মৃতিসৌধে ফুল দেন।
সকাল পৌনে ১০টায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দলীয় নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে ফুল দেন। জাতীয় পার্টির পর একে একে স্মৃতিসৌধে ফুল দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিকল্পধারা বাংলাদেশ (বিডিবি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিডিবি), ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের উপাচার্য, জাবি শিক্ষক সমিতি, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম।
এছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব সাভার, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি, মুক্তিযোদ্ধা সংসদ সাভার ও আশুলিয়া কমান্ড, বাংলাদেশ ও আল হেলাল হার্ট হাসপাতাল, কাশফুল, সচিবালয় বহুমুখী সমবায় সমিতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ইসলামিক পার্টি, ঢাকা জেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, গণস্বাস্থ্য কেন্দ্র, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি), নতুন প্রজন্ম, সাভার থানা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বুয়েট শিক্ষক সমিতি, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ কৃষক লীগ, গারো আদিবাসী, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ পশু সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ, ঢাকা সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন, সাভার থানা দর্জি শ্রমিক ইউনিয়ন, বুয়েট অফিসার্স এসোসিয়েশন, ইপিজেড শ্রমিক কল্যাণ এসোসিয়েশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, প্রাইম ইউনিভার্সিটি, মহিলা আওয়ামী লীগ, প্রগতিশীল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী ফোরাম, ঢাকা অফিসার্স ক্লাব, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, নজরুল ইনস্টিটিউট, বাচসাস, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাভার এনজিও সমন্বয় পরিষদ, সচেতন নাগরিক কমিটি (সাভার), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাগ্রত মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি, বাংলাদেশ মুক্তি সংসদ, এডাব, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, প্রশিকা, সাস, হাক্কানী মিশন, সাভার পৌরসভা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমী, বাসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় খেলাঘর আসর, জাতীয় নারী শ্রমিক ফেডারেশন, উদীচী, নিজেরা করি, পূবালী ব্যাংক কর্মচারী সংঘ, ছাত্র ইউনিয়ন, জিয়া পরিষদ, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ছাত্রদল, মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাম গণতান্ত্রিক ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ গণআজাদী লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, লায়ন্স ক্লাব অব সাভার, মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার কল্যাণ সমিতি, বাকশাল, জাতীয় জনতা পার্টি, জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ, প্রজন্ম ৭১, শ্রমিক কৃষক সমাজবাদী দল, বাংলাদেশ বার কাউন্সিল, অস্ট্রেলিয়ান বার এসোসিয়েশন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, বাংলাদেশ কম্পিউটার সমিতি, সাধারণ বীমা কর্পোরেশন, এফএনবি, মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি পাঠাগার, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা আইনজীবী সমিতি, ব্র্যাক ইউনিভার্সিটি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন, জাসাস, গণতান্ত্রিক বাম মোর্চা, বিপ্লবী ঐক্যজোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ, বঙ্গভবনে সংবর্ধনাসহ রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা ছাড়াও অসংখ্য সংগঠনের আলোচনা-সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সারাদেশের বাসা-বাড়িতে উড়ানো হচ্ছে জাতীয় পতাকা। শিশু-কিশোর-তরুণ-তরুণীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে স্মৃতিসৌধে ফুল দিতে দেখা যায়। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি নিয়েছে।
মঙ্গলবার সরকারি ছুটির দিন। সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাতে সরকারি ও আধা সরকারি ভবন হবে আলোকসজ্জিত। এছাড়া মসজিদ, মন্দির, গীর্জাসহ সব উপাসনালয়ে শহীদদের বিদেহী আত্মার শান্তি ও দেশের উন্নয়ন কামনা করে হচ্ছে বিশেষ প্রার্থনা। বেতার ও টেলিভিশনে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা।
রাজধানী ছাড়াও দেশের জেলা-উপজেলায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার পঞ্চগড় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম ব্যুরো জানায়, উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে সেখানে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অনুষ্ঠানমালা থেকে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের নির্বাচনে প্রতিহত করার অঙ্গীকার করা হয়।
দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। এরপরই একে একে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, জেলা প্রশাসক আশরাফ শামীম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা।
এরপর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মেয়র মহিউদ্দিন চৌধুুরীর নেতৃত্বে আওয়ামী লীগ, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। পরে একে একে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, যুবলীগ, জাসদ, ন্যাপ, বাসদ, জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাঘর আসর, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, উদীচী শিল্পী গোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা, সমাজ সমীক্ষা সংঘ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলাসহ বিভিন্ন সংগঠন।
নির্বাচনী আমেজে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন আসনের চারদলীয় জোট ও মহাজোটের প্রার্থীরাও দলীয় ব্যানারের বাইরে গিয়ে নিজ নিজ এলাকার লোকজন নিয়ে শহীদ মিানরে ফুল দেন। মহাজোট প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-৮ (কোতোয়ালি) আসনে আওয়ামী লীগের নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে জাসদের মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম-১০ (পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের এমএ লতিফ এবং চারদলীয় জোটের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-৮ (কোতোয়ালি) আসনে বিএনপির শামসুল আলমের সমর্থকরা ফুল দেওয়ার পাশাপাশি বিভিন্ন জনের কাছে ভোটও চান।
এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে 'আমরা সচেতন' এর ব্যানারে শতাধিক শিক্ষার্থী নির্বাচনে একাত্তরের যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমকে/এমআই/জেকে/০০১৫ ঘ.
bdnews24