ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইজন বিচারপতির বাড়িতে বোমা হামলার ঘটনা তদন্তের জন্য সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। আদালত আগামী ৫ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।
গত ৪ ডিসেম্বর ব্যারিস্টার ফাতেমা এস সোবহানের করা একটি জনস্বার্থ রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছে হাইকোর্ট।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান এবং তাকে সাহায্য করেন এএফএম সাইফুল করিম।
শুনানিতে ব্যারিস্টার সোবহান আদালতকে বলেন, গত ১৫ সেপ্টেম্বর বিচারপতি তারিক উল হাকিমের বাসভবন প্রাঙ্গণে দুষ্কৃতকারীরা বোমা ফাটায়। এর পর গত ১১ অক্টোবর বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারের বাড়িতে বোমা হামলা চালানো হয়। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো তদন্তের উদ্যোগ নেয়নি সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২২৫৫ঘ.
bdnews24